Logo

বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পালাতে গিয়ে ভারতীয়র মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৩৫
বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পালাতে গিয়ে ভারতীয়র মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি এক ফার্মেসি শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বহুতল ভবন থেকে পড়ে কমলেশ যাদব (৪৩) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) রাজ্যের আনাকাপল্লী জেলার কাকিনাদা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশের বরাতে জানা গেছে, বাংলাদেশি ওই ছাত্রী ফার্মেসিতে স্নাতক পড়াশোনা করছেন। তিনি অচ্যুতাপুরম এলাকার এক বাসিন্দার সঙ্গে একই বাসায় থাকতেন। ওই ব্যক্তি স্থানীয় একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি করেন।

প্রায় ১০ দিন আগে ওই ছাত্রী অচ্যুতাপুরমে বাসা নিয়ে বসবাস শুরু করেন। তার পাশের বেদুরুভাদার একটি বহুতল ভবনের ভাড়া করা কক্ষে থাকতেন ঝাড়খণ্ডের বাসিন্দা কমলেশ যাদব। তিনি একটি মদের দোকানে কাজ করতেন। দোকানের সামনে দিয়ে যাতায়াতের সময় তিনি ওই ছাত্রীকে দেখতেন বলে জানা গেছে।

ঘটনার দিন বাংলাদেশি ওই ছাত্রীর পুরুষ বন্ধু অফিসের কাজে বাইরে গেলে বিকেলে তিনি বাসায় একা ছিলেন। এ সময় কমলেশ যাদব ওই বাসায় প্রবেশ করেন। প্রথমে শৌচাগার পরিষ্কার করে দেওয়ার কথা বলে তিনি সেখানে কিছুক্ষণ থাকার পর ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

একপর্যায়ে ওই ছাত্রী প্রতিরোধ করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি বুঝতে পেরে যাদব সেখান থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের কয়েকজন স্থানীয় বাসিন্দা জড়ো হন।

স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ভবনের একটি পিলার বেয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করেন যাদব। তবে নামার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পরে বাংলাদেশি ওই ছাত্রীর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার পর স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আনাকাপল্লী জেলা পুলিশের সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD