Logo

কুকুরের উৎপাত ঠেকাতে কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে দিয়ে প্রতিবাদ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫৭
কুকুরের উৎপাত ঠেকাতে কর্মকর্তার টেবিলে কুকুর ছেড়ে দিয়ে প্রতিবাদ
ছবি: সংগৃহীত

পথকুকুরের উৎপাত বেড়েছে, বারবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি—এমন অভিযোগে অভিনব প্রতিবাদ করেছেন ভারতের শিবসেনা (ইউবিটি)-এর যুব শাখার কর্মীরা। মহারাষ্ট্রের নাসিকের নিফাদ নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরের কার্যালয়ে ঢুকে তাঁর টেবিলের ওপর একে একে চারটি কুকুর ছেড়ে দেন তারা।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এলাকায় পথকুকুরের সংখ্যা বাড়লেও কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগ তুলে এই প্রতিবাদ করেন দলটির কর্মীরা।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে শিবসেনার (ইউবিটি) যুব শাখার জেলা প্রধান বিক্রম রনধাভেকে একটি বস্তার মুখ খুলে ছোট একটি কুকুর বের করে কর্মকর্তার টেবিলের ওপর ছেড়ে দিতে দেখা যায়। পরে আরও কয়েকটি কুকুর সেখানে ছেড়ে দেওয়া হয়।

হঠাৎ এমন ঘটনায় চমকে যান প্রধান কর্মকর্তা ধীরজ ভামর। চেয়ারে বসা অবস্থায় তিনি টেবিল থেকে সরে যান। পরে আবার নিজের জায়গায় ফিরে আসেন। বস্তায় আটকে থাকায় আতঙ্কিত একটি কুকুর একপর্যায়ে দৌড়ে অফিসের এক কোণে চলে যায়। পরে আরও একটি কুকুর বস্তা থেকে বের করা হলে সেটি টেবিলের ওপর দিয়ে হেঁটে একটি চেয়ারে গিয়ে বসে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর রনধাভে গলায় ২০ রুপির নোট দিয়ে তৈরি একটি মালা পরেন। তিনি কর্মকর্তার দিকে এগিয়ে যেতে চাইলে অন্য কর্মকর্তারা তাকে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

রনধাভে দাবি করেন, গত ছয় মাস ধরে নিফাদ নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তাকে পথকুকুরের সমস্যা নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়ে আসছেন তিনি। তাঁর অভিযোগ, ছোট শিশুসহ অনেক মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন এবং পথকুকুরের কারণে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রনধাভে বলেন, ‘প্রতিটি গ্রাম, সড়ক ও অলিগলিতে পথকুকুরের সংখ্যা বেড়েছে। গত ছয় মাস ধরে আমি নিফাদ নগর পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা ধীরজ ভামরেকে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বলে আসছি।’

তিনি আরও বলেন, ‘ছোট শিশুও কুকুরের কামড়ের শিকার হয়েছে। অনেক মানুষ ও নারীকে কুকুর তাড়া করেছে। আমি তাকে এলাকার পরিস্থিতি দেখিয়েছি, ছবি পাঠিয়েছি এবং বারবার বিষয়টি দেখার কথা বলেছি। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে মনে হওয়ায় প্রতিবাদ হিসেবে তার টেবিলের ওপর চারটি কুকুর ছেড়ে দিয়েছি।’

রনধাভের অভিযোগ, প্রধান কর্মকর্তা মূলত টেন্ডারের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এ কারণেই শিবসেনার কর্মীরা ২০ রুপির নোট দিয়ে তৈরি মালা নিয়ে গিয়েছিলেন। পরে সেগুলোও কর্মকর্তার টেবিলের ওপর রাখা হয়।

বিজ্ঞাপন

রনধাভে এই ঘটনাকে ‘শেষ সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে বলেন, আগামী আট দিনের মধ্যে পথকুকুরের সমস্যা সমাধানে ব্যবস্থা না নিলে কর্মকর্তার অফিসে আরও কুকুর ছেড়ে দেওয়া হবে।

তিনি বলেন, ‘গণেশ উৎসব চলছে। মানুষ যখন আরতিতে যায়, তখন কুকুর তাদের পেছনে দৌড়ায় এবং ছোট শিশুদের কামড় দেয়। পথকুকুরের কারণে আতঙ্ক তৈরি হয়েছে।’

প্রধান কর্মকর্তা ধীরজ ভামর বিষয়টির গুরুত্ব বুঝবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও আশা প্রকাশ করেন রনধাভে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD