Logo

নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২১
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

নভেম্বরের কোনো এক সময়ে ভারতের রাজধানী নয়াদিল্লি সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-এর প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, সম্ভাব্য এই সফরের প্রস্তুতি নিয়ে ঢাকা ও দিল্লির কর্মকর্তারা আবারও আলোচনা শুরু করেছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে সাম্প্রতিক টানাপোড়েনের পর দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তারা বৈঠক করছেন। নভেম্বরের সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সূচি নির্ধারণের চেষ্টা চলছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সম্ভাব্য সফর সামনে রেখে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন। সফরের প্রস্তুতিতে দুই দেশের কর্মকর্তারা সম্ভাব্য আলোচ্যসূচি নিয়েও কাজ করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আলোচ্যসূচিতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নসহ দুই দেশের সম্পর্কের বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। গঙ্গা পানিবণ্টন চুক্তিটির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরের শেষে শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে জানিয়েছিলেন, ঢাকা ভারতের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নিতে চায় এবং পারস্পরিক স্বার্থ, সম্মান ও উপযোগিতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে। তিনি উপযুক্ত পরিবেশে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আলাদা আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ১৫ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, সফর নিয়ে বাংলাদেশের কাছ থেকে তখনো কোনো তথ্য পায়নি দিল্লি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে ফেরত পাঠানোর জন্য ঢাকার অনুরোধও দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে। ভারত জানিয়েছে, এ-সংক্রান্ত অনুরোধ তারা আইন ও বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করছে।

এদিকে চলতি মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশ নেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ব্রিকস সম্মেলনের আমন্ত্রণটি তাকে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে দেওয়া হয়েছিল; এর বাইরে ভারত থেকে দ্বিপক্ষীয় সফরের পৃথক আমন্ত্রণ রয়েছে।

ফলে নভেম্বরের সম্ভাব্য সফর নিয়ে ঢাকা-দিল্লির প্রস্তুতিমূলক আলোচনা চললেও সফরের নির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD