বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। একই সঙ্গে বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যেই ঢাকার সঙ্গে সব দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করতে প্রস্তুত নয়াদিল্লি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ অবস্থানের কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হবে কি না—এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে তার কাছে এখনো কোনো তথ্য নেই। সিদ্ধান্ত হলে তা জানানো হবে বলেও জানান তিনি।
জয়সওয়াল বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথ নিয়ে আমরা আগেও বলেছি, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। আমাদের বর্তমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ভেতরে থেকেই আমরা সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমরা এই সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক উপায়ে সামনের দিকে এগিয়ে নিতে চাই।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে জয়শঙ্কর রোববার নিউইয়র্কে পৌঁছেছেন। অধিবেশনের ফাঁকে তিনি ইতোমধ্যে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
অন্যদিকে, পাঁচ দিনের সফরে সোমবার নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচি এবং দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সম্ভাব্য নিয়োগ দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক ধারায় ফেরার ইঙ্গিত কি না—এমন প্রশ্নও করা হয় জয়সওয়ালকে। জবাবে তিনি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বিদ্যমান কাঠামোর মধ্যেই দুই দেশের সব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত নয়াদিল্লি।
বিজ্ঞাপন
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের প্রসঙ্গও ব্রিফিংয়ে উঠে আসে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে দুই দেশের সম্পর্কে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য তৈরি হয়। পরে ২০২৬ সালের ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে।
সম্প্রতি দিল্লিতে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেননি। এর আগে ভারত জানিয়েছিল, বাংলাদেশকে দ্বিপাক্ষিক সফর এবং বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল।
ভারতে অনুষ্ঠেয় বহুপক্ষীয় বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণকে দুই দেশের সম্পর্কের অগ্রগতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবেও জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।
বিজ্ঞাপন
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর আয়োজনে ‘তরঙ্গ শক্তি’ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশসহ সাতটি বিদেশি রাষ্ট্র অংশ নেবে।








