Logo

বিদ্যালয়ে মোবাইল-ট্যাব নিষিদ্ধ করল মেক্সিকো

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৭
বিদ্যালয়ে মোবাইল-ট্যাব নিষিদ্ধ করল মেক্সিকো
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের প্রযুক্তি আসক্তি কমানো এবং স্ক্রিন টাইমের নেতিবাচক প্রভাব থেকে শিশুদের সুরক্ষায় দেশব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মোবাইল ফোন ও ট্যাবলেট ব্যবহার নিষিদ্ধ করেছে মেক্সিকো। সরকারি শিক্ষাব্যবস্থার অধীনে আগামী ৩ নভেম্বর থেকে নতুন এ নিয়ম কার্যকর হবে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে অবস্থানকালে মোবাইল ফোন, ট্যাবলেটসহ কোনো ধরনের ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম জানিয়েছেন, শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানো এবং তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির সব অঙ্গরাজ্যের শিক্ষা কর্মকর্তারা এ বিষয়ে একমত হয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেক্সিকোর শিক্ষামন্ত্রী মারিও দেলগাদো বলেন, এই সিদ্ধান্ত শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনতে সহায়ক হবে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শিশুদের ওপর যে নেতিবাচক প্রভাব পড়তে পারে, তা কমানোর ক্ষেত্রেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

তবে উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে কিছুটা ভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী শিক্ষণীয় উদ্দেশ্যে মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস ব্যবহারের নিজস্ব নীতিমালা তৈরি করতে পারবে।

শিশুদের প্রযুক্তি আসক্তি কমানো এবং অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে তাদের সুরক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে নেওয়া কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় মেক্সিকোও এ সিদ্ধান্ত নিল। দেশটির কর্তৃপক্ষ আশা করছে, বিদ্যালয়ে ডিভাইস ব্যবহারে নিয়ন্ত্রণের ফলে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ার পাশাপাশি সরাসরি যোগাযোগ ও সামাজিক মিথস্ক্রিয়াও বৃদ্ধি পাবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD