Logo

ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২০
ভারতে উত্তাল বিশ্ববিদ্যালয়, যুদ্ধবিমান-ট্যাংকে চড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবের ফাগওয়ারায় লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক ছাত্রীর ধর্ষণের অভিযোগ ও তা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সংরক্ষিত ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৩ইউএম যুদ্ধবিমান ও সামরিক ট্যাংকের ওপর উঠে বিক্ষোভ করতে দেখা গেছে তাদের।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে হাজার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ক্যাম্পাস থেকে ছড়িয়ে পড়া ভিডিওতে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়। কয়েকটি ভিডিওতে ভবনের কাচ ও ফুলের টব ভাঙচুর এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আগুন দেওয়ার দৃশ্যও দেখা গেছে। কিছু দোকানপাটে ভাঙচুরের অভিযোগও উঠেছে।

পুলিশ জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেলের সামনে থেকে উত্তেজনার সূত্রপাত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ সেপ্টেম্বর হোস্টেলের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় কোনো নির্মাণশ্রমিক জড়িত থাকতে পারেন বলেও তারা দাবি করেন। শিক্ষার্থীদের আরও অভিযোগ, বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানানো হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে শুরুতে পুলিশ জানিয়েছিল, ধর্ষণের অভিযোগটি গুজবের ভিত্তিতে ছড়িয়ে পড়েছে। কাপুরথলার জ্যেষ্ঠ পুলিশ সুপার গৌরব তুরা বলেন, ঘটনাস্থলে গিয়ে তারা বুঝতে পারেন, গুজবের কারণে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের কিছু অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

পরে জলন্ধর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) নবীন সিংলা জানান, অভিযোগকারী শিক্ষার্থীর বক্তব্য নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে মামলা করা হয়েছে। অভিযুক্তের পরিচয় নিশ্চিত না হওয়ায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

ডিআইজি সিংলা বলেন, পুরো ঘটনা বিস্তারিতভাবে তদন্ত করা হবে। এ জন্য সিসিটিভি ফুটেজ ও ফোনের রেকর্ড বিশ্লেষণের পাশাপাশি ফরেনসিক পরীক্ষাও করা হবে। ছাত্রপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই তদন্ত এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ঘটনাটি তদন্তে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে পুলিশ। ফাগওয়ারার পুলিশ সুপার মেজর সিংকে এই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিকা গুলাটি অভিযোগ ও গুজবের বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব বার্তার কোনো সত্যতা নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কিছু ‘সমাজবিরোধী গোষ্ঠী’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে।

অভিভাবক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দিয়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে মামলা করে তদন্ত শুরু করায় অভিযোগটির প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে। এখন পর্যন্ত ধর্ষণের অভিযোগের বিষয়ে তদন্ত শেষ হয়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD