যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ

ভারত যুদ্ধ চায় না কিংবা অন্য কোনো দেশের ভূখণ্ড দখলেরও লক্ষ্য নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তবে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে তিনি বলেছেন, প্রতিবেশী কোনো দেশ সন্ত্রাসবাদে মদদ দেওয়া অব্যাহত রাখলে সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা চালাতে প্রস্তুত ভারত।
বিজ্ঞাপন
রবিবার অনুষ্ঠিত এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬-এ বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন রাজনাথ সিং। তিনি বলেন, ভারতের শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয়।
রাজনাথ সিং বলেন, ভারত শান্তিতে বিশ্বাস করে এবং যুদ্ধ চায় না। অন্য দেশের ভূখণ্ড দখল কিংবা কাউকে ভয় দেখানোও ভারতের উদ্দেশ্য নয়। তবে নীরব থাকা এবং দুর্বলতার মধ্যে পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘‘আমরা শান্তি চাই, কিন্তু নিজেদের নিরাপত্তার জায়গায় কোনো আপস করব না। প্রতিবেশী দেশ যতক্ষণ সন্ত্রাসবাদকে উসকে দেবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা চালানোর জন্য ভারত প্রস্তুত। আমরা তাদের এবং পুরো বিশ্বকে পরিষ্কারভাবে তা জানিয়ে দিতে চাই।’’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাজনাথ সিংয়ের বক্তব্যে ‘প্রতিবেশী দেশ’ বলতে পাকিস্তানের দিকে ইঙ্গিত করা হয়েছে। ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাটিকে ব্যবহার করে দেশটিতে সন্ত্রাসী হামলা পরিচালনার অভিযোগ করে আসছে।
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় এক নেপালি নাগরিকসহ ২৬ জন নিহত হন। ভারত ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীদের দায়ী করে। পরবর্তী সময়ে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের বিভিন্ন স্থানে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে সামরিক অভিযান চালায় ভারত।
রাজনাথ সিং বলেন, ভারত আলোচনায় বিশ্বাস করে। তবে কোনো দেশ সন্ত্রাসবাদ ছড়িয়ে যাওয়ার কার্যক্রম অব্যাহত রাখলে সেই পরিস্থিতিতে সংলাপ চালিয়ে যাওয়া কঠিন হবে। ভারত পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সম্পর্ক চায়, কিন্তু জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে নয়।
বিজ্ঞাপন
ভারতের প্রতিরক্ষামন্ত্রী এর আগেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক বিবৃতিতেও তিনি জাতীয় নিরাপত্তা রক্ষায় সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার কথা উল্লেখ করেছেন।








