Logo

ভারতের মহড়ায় প্রথমবার অংশ নিচ্ছে ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৩
ভারতের মহড়ায় প্রথমবার অংশ নিচ্ছে ৬ মার্কিন যুদ্ধবিমান, ২ শতাধিক সেনা
ছবি: সংগৃহীত

ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক সামরিক মহড়া ‘তরঙ্গশক্তি ২০২৬’-এ অংশ নিতে রাজস্থানের যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। একই সঙ্গে মহড়ায় অংশ নিতে দুই শতাধিক মার্কিন বিমানসেনাও ভারতে এসেছেন।

বিজ্ঞাপন

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মার্কিন সেনাদের সঙ্গে দেশটির বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমানও যোধপুরে পৌঁছেছে।

সার্জিও গোর বলেন, “ভারতীয় বিমান বাহিনীর বহুজাতিক মহড়া তরঙ্গ শক্তি-তে অংশ নিতে যোধপুরে এসেছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর ২ শতাধিক সেনা। তাদের সঙ্গে মার্কিন বিমান বাহিনীর ৫ম প্রজন্মের ৬টি এফ-৩৫ লাইটনিং ২ ফাইটার জেটও এসেছে। মার্কিন বিমান বাহিনী এই প্রথম ভারতীয় বিমান বাহিনীর কোনো মহড়ায় অংশ নিচ্ছে এবং নতুন এ যুদ্ধবিমানগুলোর অভিষেক ঘটবে এই মহড়ায়। আমরা খুবই উদ্দীপ্ত বোধ করছি।”

ভারতীয় বিমান বাহিনীর উদ্যোগে আয়োজিত ‘তরঙ্গশক্তি’ একটি বহুজাতিক বার্ষিক বিমান মহড়া। ২০২৪ সালে প্রথমবার এ মহড়ার আয়োজন করা হয়। ২০২৫ সালে মহড়াটি অনুষ্ঠিত হয়নি। ফলে ২০২৬ সালের আয়োজনটি দ্বিতীয় সংস্করণ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শনিবার যোধপুর বিমানঘাঁটিতে এবারের মহড়া শুরু হয়েছে। আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে এটি। যুক্তরাষ্ট্রসহ মোট ৪০টি দেশ মহড়ায় অংশ নিচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীও সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে এতে অংশগ্রহণ করেছে।

মহড়ায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের পাশাপাশি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমানকে ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। স্টেলথ প্রযুক্তিসম্পন্ন এ যুদ্ধবিমানটি পঞ্চম প্রজন্মের বহুমুখী যুদ্ধবিমান। তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও আদান-প্রদানের সক্ষমতার মাধ্যমে এটি আকাশ, স্থল, সমুদ্র, মহাকাশ ও সাইবার কার্যক্রমের মধ্যে সমন্বয় ঘটাতে সক্ষম।

এবারের ‘তরঙ্গশক্তি’ মহড়ায় এফ-৩৫ লাইটনিং-২ অন্যতম প্রধান আকর্ষণ। এর পাশাপাশি ফ্রান্সের রাফাল, ভারতের তৈরি তেজস এবং সুখোই-৩০ এমকেআইসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমানও মহড়ায় অংশ নিচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD