Logo

টেসলার ব্যাটারি বিস্ফোরণ, পুড়ে ছাই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২১:৫৯
টেসলার ব্যাটারি বিস্ফোরণ, পুড়ে ছাই কয়েক মিলিয়ন ডলারের বাড়ি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন হেলেনের তাণ্ডবের সময় গ্যারেজে থাকা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি লবণাক্ত পানির সংস্পর্শে এসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে একটি পরিবারের কয়েক মিলিয়ন ডলার মূল্যের বিলাসবহুল বাড়ি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাম্পা বে এলাকার অটো ডিলার মাইকেল মারফির গ্যারেজে রাখা ২০২১ মডেলের টেসলা মডেল এস প্লেইড গাড়িতে আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় মাইকেল শহরের বাইরে ছিলেন। তবে বাড়ির ভেতরে ছিলেন তার স্ত্রী সিলভানা, দুই শিশুকন্যা এবং শ্বশুর-শাশুড়ি। পরিস্থিতি দ্রুত ভয়াবহ আকার ধারণ করলে তারা বাড়ির ভেতরেই আটকা পড়েন।

পরবর্তীতে একটি বেসরকারি উদ্ধারকারী দল জীবনের ঝুঁকি নিয়ে তাদের নিরাপদে বের করে আনতে পারলেও, চোখের সামনেই তাদের ৫ হাজার ৪০০ বর্গফুটের বিশাল বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার অভিযোগে বলা হয়েছে, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে উদ্ধারকারীরা পরিবারের প্রিয় কুকুরটিকে বাঁচাতে পারেননি। গত ২৪ সেপ্টেম্বর দায়ের করা এই অভিযোগে মারফি পরিবার দাবি করেছে, পানিতে ভিজলে টেসলার ব্যাটারি থেকে যে ভয়াবহ বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে, সে বিষয়ে আগে থেকেই সতর্কবার্তা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি ত্রুটিপূর্ণ গাড়ি বিক্রি অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

হারিকেন হেলেনের প্রভাবে ট্যাম্পা বে এলাকায় গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ জলোচ্ছ্বাস দেখা দিলে মারফি পরিবারের গ্যারেজে লবণাক্ত পানি ঢুকে পড়ে। পানি গাড়ির নিচের অংশে পৌঁছাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বন্যার পানি এবং আগুনের কারণে জরুরি সেবাকর্মীরা সেখানে পৌঁছাতে পারছিলেন না। পরবর্তীতে মাইকেল মারফির অনুরোধে 'গ্রে বুল রেসকিউ' নামের একটি বেসরকারি উদ্ধারকারী দলের সাহসিকতায় নৌকার সাহায্যে পরিবারের সদস্যদের ওই জ্বলন্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়।

মারফি পরিবারের দাবি, এই বিস্ফোরণের মূল কারণ টেসলার ত্রুটিপূর্ণ ব্যাটারি প্যাক এবং এর ডিজাইন। ইলন মাস্কের মালিকানাধীন টেসলা ২০১০ সাল থেকেই লিথিয়াম-আয়ন ব্যাটারির এই 'থার্মাল রানঅ্যাওয়ে' বা অনিয়ন্ত্রিত তাপমাত্রার সমস্যার কথা জানত। এমনকি তারা আগুন প্রতিরোধক উপাদানের পেটেন্টও করেছিল, কিন্তু নিজেদের গাড়িতে তা সঠিকভাবে ব্যবহার করেনি।

উল্টো তারা গ্রাহকদের কাছে বৈদ্যুতিক গাড়ির নিরাপত্তার বিষয়ে মিথ্যা আশ্বাস দিয়ে এসেছে। ফ্লোরিডায় এর আগেও হারিকেন হেলেনের সময় পানিতে ডুবে একাধিক টেসলা গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছিল, যা নেভাতে দমকলকর্মীদের চরম বেগ পেতে হয়। সব জেনেও দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে ত্রুটি সংশোধনে ব্যর্থ হওয়ার অভিযোগে মারফি পরিবার এখন টেসলার কাছে উপযুক্ত ক্ষতিপূরণ ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনি লড়াই শুরু করেছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD