Logo

ব্যাংককে ভারী বর্ষণে বন্যা, দুর্ভোগে হাজারো মানুষ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:২৬
ব্যাংককে ভারী বর্ষণে বন্যা, দুর্ভোগে হাজারো মানুষ
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে টানা ভারী বর্ষণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। রাস্তাঘাট, বাজার ও বসতবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। অনেক বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় হাঁটুসমান ঘোলা পানির মধ্য দিয়ে মানুষকে চলাচল করতে দেখা গেছে। কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে সুপারমার্কেটে ছুটছেন, আবার কেউ পানিতে ভেসে যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন।

সাপ্তাহিক ছুটির কারণে বন্যার মধ্যেও নিত্যপণ্য কিনতে বাজারে ভিড় করছেন বাসিন্দারা। এতে সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ীদেরও হিমশিম খেতে হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

থাইল্যান্ডে সেপ্টেম্বর সাধারণত বর্ষার চূড়ান্ত সময়। তবে ব্যাংককের অনেক বাসিন্দা বলছেন, এবারের পরিস্থিতি আগের কয়েক বছরের তুলনায় বেশি ভয়াবহ। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে শহরের কিছু এলাকায় ৩৩০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যার কারণে প্রায় ৪ হাজার ৯০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। পানিবন্দি হয়েছে প্রায় ৫২ হাজার পরিবার। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীতে দুর্যোগ ঘোষণা করা হয়েছে।

ব্যাংককের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, শহরের বেশ কিছু সড়ক এখনো পানির নিচে রয়েছে এবং বিভিন্ন খালে পানির স্তরও অনেক বেড়েছে। পানি নিষ্কাশনের গতি বাড়াতে কর্তৃপক্ষ কাজ করছে।

শনিবার ‘খেহা রোমক্লাও’ এলাকার একটি স্কুলে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন চাডচার্ট। তিনি জানান, সেখানে প্রায় এক হাজার মানুষকে আশ্রয় দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে কেউ পোষা প্রাণী নিয়ে খাট বা বেঞ্চে অবস্থান করছেন, আবার কেউ শ্রেণিকক্ষের মেঝেতে কম্বল বিছিয়ে রাত কাটাচ্ছেন।

বিজ্ঞাপন

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির কারণে সোমবার শত শত স্কুল বন্ধ থাকবে।

এদিকে দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের তথ্য অনুযায়ী, রোববার থাইল্যান্ডের আরও ২৫টি প্রদেশে বন্যার খবর পাওয়া গেছে। বন্যা মোকাবিলায় সহায়তার জন্য সারাদেশে ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ব্যাংকক মেট্রোপলিটন প্রশাসন জানিয়েছে, রাজধানী ও আশপাশের এলাকায় আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করতে পারে।

বিজ্ঞাপন

এর আগে ২০১১ সালে থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় ৫০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং লাখ লাখ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিজ্ঞানীরা সতর্ক করে আসছেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে ভবিষ্যতে চরম আবহাওয়ার ঘটনাগুলোর তীব্রতা আরও বাড়তে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD