টানা বর্ষণ ও ভূমিধসে নেপালে ৪ দিনে ২১ জনের মৃত্যু

টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নেপালে গত চার দিনে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ এবং পাঁচজন আহত হয়েছেন। ২৪ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় এসব প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (এনডিআরআরএমএ)।
বিজ্ঞাপন
এনডিআরআরএমএর তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে ভূমিধসে। এ ছাড়া বন্যায় চারজন এবং টানা ভারী বৃষ্টির কারণে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন পাঁচজন।
দুর্যোগে দেশটির বিভিন্ন এলাকায় শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। দুর্গম পার্বত্য এলাকায় আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভারী বৃষ্টির কারণে নেপালের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশটির ৭৭ জেলার মধ্যে ৪৯টিতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও বাড়ছে।
বিজ্ঞাপন
এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক ভূমিধসে বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
নেপাল এখনো আগস্টের ভয়াবহ দুর্যোগের ক্ষয় কাটিয়ে উঠতে পারেনি। ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের পর সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১ হাজার ৪৫০ জনের মৃত্যু হয়েছে এবং ৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও নিখোঁজদের সন্ধানে অভিযান এখনো চলছে।
নতুন করে ভারী বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি নদী ও পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।








