ক্যালিফোর্নিয়ায় রাষ্ট্রীয় ছুটির স্বীকৃতি পেল ঈদুল ফিতর ও আজহা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজ্য ছুটির তালিকায় যুক্ত হয়েছে মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন নিউজম ২৭ সেপ্টেম্বর ‘স্টেট হলিডেজ: ঈদ’ শীর্ষক অ্যাসেম্বলি বিল ২০১৭-এ (এবি ২০১৭) স্বাক্ষর করেন। বিলটির প্রস্তাবক ছিলেন সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি।
বিজ্ঞাপন
নতুন আইনে ইসলামি চান্দ্রপঞ্জিকার শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইংরেজি ক্যালেন্ডারে ঈদের তারিখ প্রতিবছর পরিবর্তিত হওয়ায় নির্দিষ্ট কোনো ইংরেজি তারিখের বদলে ইসলামি তারিখকে ভিত্তি করা হয়েছে।
তবে এই স্বীকৃতির অর্থ হলো না যে ঈদের দিন ক্যালিফোর্নিয়ার সব সরকারি দপ্তর, আদালত, স্কুল কিংবা বেসরকারি প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে। আইনটিতে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে জুডিশিয়াল হলিডে বা আদালতের ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি।
নতুন আইনে মুসলিম শিক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ঈদ পালন বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে স্কুলে অনুপস্থিত থাকলে সেটিকে অনুমোদিত বা বাধ্যতামূলকভাবে ছাড়যোগ্য অনুপস্থিতি হিসেবে গণ্য করার আইনি ভিত্তি তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ছাড়া স্থানীয় সমঝোতা ও সিদ্ধান্তের ভিত্তিতে সরকারি স্কুল ও কমিউনিটি কলেজ ঈদের দিন বন্ধ রাখতে পারবে। অর্থাৎ ঈদকে রাজ্য ছুটির তালিকায় যুক্ত করা হলেও প্রতিটি স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখার বাধ্যবাধকতা দেওয়া হয়নি।
রাজ্য কর্মীদের ক্ষেত্রেও ঈদ পালনের সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্ট শর্ত অনুযায়ী তারা ঈদুল ফিতর বা ঈদুল আজহার সঙ্গে সামঞ্জস্য রেখে আট ঘণ্টা ছুটি বা ছুটির ক্রেডিট ব্যবহারের সুযোগ পাবেন।
এবি ২০১৭ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি ম্যাট হ্যানি উত্থাপন করেন। পরবর্তী সময়ে বিভিন্ন কমিটির অনুমোদন পেরিয়ে বিলটি আইনসভায় অগ্রসর হয়। ৩০ আগস্ট সিনেটে পাস হওয়ার পর ১০ সেপ্টেম্বর গভর্নরের কাছে পাঠানো হয়। এরপর ২৭ সেপ্টেম্বর গভর্নর নিউজম এতে স্বাক্ষর করেন। ক্যালিফোর্নিয়ার গভর্নরের সরকারি তালিকাতেও ওই দিন স্বাক্ষর করা বিলগুলোর মধ্যে AB 2017-কে ‘State holidays: Eid’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিলটির সহ-উদ্যোক্তাদের মধ্যে অ্যাশ কালরা, স্টেফানি নগুয়েন ও আইশা ওয়াহাবসহ আরও কয়েকজন আইনপ্রণেতা ছিলেন। আইনটির মাধ্যমে ক্যালিফোর্নিয়ার রাজ্য ছুটির কাঠামোয় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হলো।
ফলে এখন থেকে ঈদ দুটি ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় স্বীকৃত থাকবে। তবে কোনো সরকারি দপ্তর, আদালত, স্কুল বা বেসরকারি প্রতিষ্ঠান সেদিন বন্ধ থাকবে কি না, তা সংশ্লিষ্ট আইন, স্থানীয় সিদ্ধান্ত বা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থার ওপর নির্ভর করবে।








