যুক্তরাষ্ট্রে ১৮ বিলিয়ন ডলারে ইস্পাত কারখানা করবে ভারতের এসার গ্রুপ

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বড় একটি ইস্পাত কমপ্লেক্স নির্মাণে প্রায় ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে ভারতের এসার গ্রুপ। প্রতিষ্ঠানটির মার্কিন সহযোগী সংস্থা মেসাবি মেটালিকস এই প্রকল্প বাস্তবায়ন করবে। এর মধ্যে আইওয়ার কারখানা নির্মাণে ব্যয় হবে প্রায় ১৫ বিলিয়ন ডলার এবং মিনেসোটায় লৌহ আকরিকের খনি ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে প্রায় ৩ বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।
বিজ্ঞাপন
হোয়াইট হাউসে প্রকল্পটি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কারখানাটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা হিসেবে বর্ণনা করেন। পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু হলে এখানে বছরে প্রায় ১ কোটি টন ইস্পাত উৎপাদনের লক্ষ্য রয়েছে। প্রথম ধাপে উৎপাদন সক্ষমতা থাকবে প্রায় ৭৫ লাখ টন। বাণিজ্যিক উৎপাদন ২০৩০ সালের দিকে শুরু হওয়ার কথা।
প্রকল্পটির বিশেষত্ব হলো, এটি যুক্তরাষ্ট্রের ভেতরেই লৌহ আকরিক থেকে ইস্পাত উৎপাদনের সমন্বিত সরবরাহ ব্যবস্থা গড়ে তুলবে। মেসাবি মেটালিকসের মিনেসোটার নাশওয়াক খনি থেকে লৌহ আকরিক সরবরাহ করে তা আইওয়ার কারখানায় ইস্পাতে রূপান্তর করা হবে। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি ‘মাইন টু মিল’ কাঠামোয় পরিচালিত হবে।
প্রকল্পটি আইওয়ায় অন্তত ১ হাজার ৭৫০টি স্থায়ী কর্মসংস্থান এবং নির্মাণপর্বে প্রায় ৬ হাজার চাকরি তৈরিতে সহায়তা করবে বলে মার্কিন কর্তৃপক্ষ ও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ট্রাম্প এই বিনিয়োগকে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও উৎপাদন খাত পুনরুজ্জীবনের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তাঁর প্রশাসনের কর্মকর্তারা বিদেশি ইস্পাতের ওপর উচ্চ শুল্ক আরোপের নীতির সঙ্গেও প্রকল্পটির সম্পর্কের কথা বলেছেন। তবে প্রকল্পের বিনিয়োগ ও উৎপাদন পরিকল্পনা মেসাবি মেটালিকসের নিজস্ব ঘোষণার ভিত্তিতেও নিশ্চিত করা হয়েছে।
এসার গ্রুপের প্রতিষ্ঠাতা রুইয়া পরিবারের নেতৃত্বে প্রতিষ্ঠানটি ইস্পাত, জ্বালানি, অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যবসা পরিচালনা করে। মেসাবি মেটালিকস ২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় কার্যক্রম চালাচ্ছে। নতুন প্রকল্পটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে এসারের খনি থেকে ইস্পাত উৎপাদন পর্যন্ত সমন্বিত শিল্প কার্যক্রম আরও বিস্তৃত হবে।








