আইটির চাকরি ছেড়ে অটো চালাচ্ছেন নারী, আয় আগের চেয়ে বেশি

কর্পোরেট চাকরির ব্যস্ততা ও দীর্ঘ কর্মঘণ্টার কারণে মাকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না ভারতের বেঙ্গালুরুর এক নারী। শেষ পর্যন্ত মায়ের পাশে থাকার জন্য আইটির চাকরি ছেড়ে অটো চালানোকে পেশা হিসেবে বেছে নেন তিনি। আশ্চর্যের বিষয়, নতুন এই পেশায় এখন আগের চাকরির তুলনায় বেশি আয় করছেন ওই নারী।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই নারীকে নিয়ে একটি ভিডিও তৈরি করেন তানভি নামে এক কনটেন্ট নির্মাতা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপকভাবে আলোচনায় আসে।
ভিডিওতে ওই নারী জানান, বাবার মৃত্যুর পর তাঁর জীবনে বেশ কিছু পরিবর্তন আসে। কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করার সময় তাঁকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হতো। ফলে মাকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না তিনি। পরিবারের এই পরিস্থিতি থেকেই চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
বর্তমানে অটো চালানোর কারণে নিজের সময় নিজের মতো করে ব্যবহারের সুযোগ পাচ্ছেন বলে জানান তিনি। আগের চাকরির মতো দীর্ঘ সময় কর্মস্থলে থাকতে হয় না। ফলে বাড়িতে মায়ের সঙ্গে বেশি সময় কাটানোর পাশাপাশি নিজের জন্যও সময় বের করতে পারছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে কর্পোরেট চাকরি ছেড়ে অটো চালানো শুরু করার সিদ্ধান্তটি তাঁর জন্য সহজ ছিল না। পরিবারের সদস্যরাও শুরুতে তাঁর সিদ্ধান্তে সম্মতি দেননি। এরপরও নিজের সিদ্ধান্ত এবং পরিবারের জন্য কোনটি ভালো হবে, সেটিকেই অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
ওই নারী জানান, তাঁর পেশার কথা জানলে অনেকেই অবাক হয়ে যান। বিশেষ করে তিনি যখন অনর্গল ইংরেজিতে কথা বলেন, তখন অনেকেই প্রশ্ন করেন—এত ভালো ইংরেজি জানা একজন নারী কীভাবে অটো চালানোকে পেশা হিসেবে বেছে নিলেন।
তবে নিজের সিদ্ধান্ত নিয়ে তাঁর মধ্যে কোনো আক্ষেপ নেই। বরং অটো চালানোর মাধ্যমে তিনি স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি পরিবারের জন্যও বেশি সময় দিতে পারছেন।
বিজ্ঞাপন
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর অনেকেই ওই নারীর প্রশংসা করেছেন। নিজের জীবন ও পরিবারের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে প্রচলিত কর্মজীবনের বাইরে গিয়ে নতুন পেশা বেছে নেওয়ার সাহসের জন্য তাঁকে ইতিবাচকভাবে দেখেছেন অনেকে।








