ইরানি যাত্রীবাহী বিমান জব্দ করল তুরস্ক

বকেয়া পাওনা পরিশোধ না করায় তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ইরানের কাস্পিয়ান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান জব্দ করা হয়েছে। প্রায় ৩০ লাখ ইউরো (প্রায় ৩৪ লাখ মার্কিন ডলার) বকেয়া থাকায় আদালতের নির্দেশে বিমানটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
বিজ্ঞাপন
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিতে যাত্রীরা উঠে নিজেদের আসনে বসেছিলেন। উড্ডয়নের জন্য সব প্রস্তুতিও শেষ হয়েছিল। ঠিক সেই সময় আদালতের নির্দেশ নিয়ে কর্মকর্তারা বিমানবন্দরে পৌঁছে সেটির কার্যক্রম আটকে দেন।
প্রতিবেদন অনুযায়ী, বিমানটি জব্দের ঘটনার সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে কাস্পিয়ান এয়ারলাইনস জানিয়েছে, প্রশাসনিক কিছু জটিলতার কারণে তাদের একটি বিমানের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরে যাত্রীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইস্তাম্বুল বিমানবন্দরের সেবামূল্য বাবদ বকেয়া অর্থ পরিশোধের বিষয়টি নিয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে। কাস্পিয়ান এয়ারলাইনস আশা করছে, খুব শিগগিরই বিমানটি ইরানে ফিরিয়ে নেওয়া সম্ভব হবে।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র চলতি মাসের শুরুর দিকে ইরানের বিমান খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে সতর্ক করেছে যে ইরানি এয়ারলাইনসগুলোর সঙ্গে ব্যবসা করলে যেকোনো কোম্পানি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় বিপদে পড়তে পারে। তবে তুরস্ক এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা মেনে চলেনি। ফলে দুই দেশের মধ্যে এখনও কিছু ফ্লাইট নিয়মিত চলাচল করছে।
যদিও আঙ্কারার অনুরোধে ইরানের বড় পণ্য পরিবহনকারী সংস্থা মাহান এয়ার গত সপ্তাহে তুরস্কে তাদের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে।








