Logo

ইরানের ক্যাস্পিয়ান এয়ারলাইনসের বিমান জব্দ করল তুরস্ক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২১:১০
ইরানের ক্যাস্পিয়ান এয়ারলাইনসের বিমান জব্দ করল তুরস্ক
ছবি: সংগৃহীত

বকেয়া অর্থ পরিশোধ না করার অভিযোগে ইরানের ক্যাস্পিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমান জব্দ করেছে তুরস্কের কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুই দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, সোমবার ইস্তাম্বুল থেকে তেহরান যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। যাত্রী ওঠানোর কাজ শেষ হওয়ার পর উড্ডয়নের আগে আদালতের জারি করা জব্দের আদেশ অনুযায়ী কর্মকর্তারা বিমানটি আটকে দেন।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইস্তাম্বুল বিমানবন্দরের সেবা বাবদ ক্যাস্পিয়ান এয়ারলাইনসের প্রায় ৩০ লাখ ইউরো বকেয়া রয়েছে। এই অর্থ পরিশোধ না করার অভিযোগেই আদালতের আদেশে বিমানটি জব্দ করা হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ক্যাস্পিয়ান এয়ারলাইনস জানিয়েছে, তুরস্কে প্রশাসনিক জটিলতার কারণে তাদের একটি বোয়িং বিমানের কার্যক্রম সাময়িকভাবে সীমিত করা হয়েছে। ইস্তাম্বুল থেকে তেহরানগামী ফ্লাইটটির যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ঘটনার সঙ্গে ইরানি বিমান সংস্থাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার কোনো সরাসরি যোগসূত্রের কথা তুরস্ক বা ইরানের প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়নি। সেপ্টেম্বরে ইরানি বিমান সংস্থাগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার আওতায় ইরানের বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসা করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের মার্কিন ডলারভিত্তিক বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারানোর ঝুঁকির কথা জানানো হয়।

তবে তুরস্ক এখন পর্যন্ত এসব মার্কিন নিষেধাজ্ঞা অনুসরণ করেনি। দেশটির সঙ্গে ইরানের কয়েকটি বিমান সংস্থা নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে ইরান এয়ারও রয়েছে।

অন্যদিকে, ইরানের বড় পণ্য পরিবহনকারী বিমান সংস্থা মাহান এয়ার গত সপ্তাহে জানিয়েছে, আঙ্কারার অনুরোধে তুরস্কে তাদের সব ফ্লাইট স্থগিত করা হচ্ছে।

বিজ্ঞাপন

ক্যাস্পিয়ান এয়ারলাইনসের জব্দ করা বিমানটি মঙ্গলবার ইরানে ফিরে যাওয়ার কথা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে এএফপি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD