Logo

দিল্লিতে নারী ও শিশু সুরক্ষায় গঠিত হচ্ছে ‘পিংক ফোর্স’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৪:৪১
দিল্লিতে নারী ও শিশু সুরক্ষায় গঠিত হচ্ছে ‘পিংক ফোর্স’
ছবি: সংগৃহীত

নারী ও শিশুদের নিরাপত্তা জোরদারে ভারতের রাজধানী দিল্লিতে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ ‘পিংক ফোর্স’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুল, কলেজ, মেট্রো স্টেশনসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এই বাহিনী টহল দেবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিত সিং সাধু দিল্লি পুলিশকে গোয়া পুলিশের ‘পিংক ফোর্স’-এর আদলে নতুন ইউনিট গঠনের নির্দেশ দেন। নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকায় এবং অপরাধপ্রবণ সময়ে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে।

নতুন উদ্যোগের পাশাপাশি দিল্লিতে চালু থাকা ‘পিংক পেট্রোল’ ও ‘পিংক স্কুটি’ কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী পুলিশ সদস্যদের বিভিন্ন এলাকায় দ্রুত পৌঁছানোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি প্রায় ১০ দিনের মধ্যে দিল্লিতে নাবালিকাদের ধর্ষণ ও যৌন নিপীড়নের চারটি অভিযোগ সামনে আসার পর নারী ও শিশু নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সর্বশেষ ঘটনায় কালকাজি মন্দিরের কাছে ১৭ বছর বয়সী এক কিশোরীকে তিন ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ ওঠে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে কিশোরীকে তার পুরুষ বন্ধুর কাছ থেকে আলাদা করে। এরপর তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

এর আগে ১৬ সেপ্টেম্বর সদর বাজারে একটি দোকানের ভেতরে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসে। মধ্য দিল্লির কিষাণগঞ্জে ছয় বছর বয়সী এক শিশুও যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সেপ্টেম্বরের শুরুতে স্বরূপ নগরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় আরও তিন নাবালককে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

দিল্লি পুলিশের নারী টহল কার্যক্রমকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনাই নতুন ‘পিংক ফোর্স’ গঠনের অন্যতম উদ্দেশ্য। প্রকাশ্য স্থানে নারীদের উত্ত্যক্ত করার ঘটনা ঠেকাতে পুলিশের ‘অপারেশন শিষ্টাচার’ কার্যক্রমও অব্যাহত থাকবে।

এ ছাড়া পুলিশের ‘জন শুনানি’ কর্মসূচিতে পাওয়া অভিযোগগুলো ডিজিটালভাবে নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের পরবর্তী অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও জোরদার করা হবে।

অপরাধপ্রবণ ও জনবহুল এলাকায় পায়ে হেঁটে এবং মোটরসাইকেলে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি সাইবার অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান এবং সিসিটিভি নজরদারি আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন এই উদ্যোগের মাধ্যমে নারী ও শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়ানোর পাশাপাশি বিদ্যমান নারী নিরাপত্তা কার্যক্রমগুলোকে আরও সমন্বিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সূত্র: ইকোনমিক টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD