Logo

স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে সাইকেলে বিশ্বজয় বৃদ্ধের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ২০:০৭
স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে সাইকেলে বিশ্বজয় বৃদ্ধের
ছবি: সংগৃহীত

স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ এবং তার স্মৃতিকে বুকে ধারণ করে ৬৯ বছর বয়সে সাইকেলে বিশ্বভ্রমণ করেছেন কানাডার সাইক্লিস্ট মার্ক হার্বস্ট। ৩০ হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে তিনি গড়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

বিজ্ঞাপন

সাইকেলে পৃথিবী প্রদক্ষিণ করা সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছেন মার্ক। এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন নিউজিল্যান্ডের ৬৬ বছর বয়সী ক্রিস্টোফার বেনেট।

এই অভিযানের সঙ্গে ছিল আরও একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ক্যানসার গবেষণায় সহায়তার জন্য অর্থ সংগ্রহ করেছেন মার্ক। তার প্রচেষ্টায় কানাডার প্রিন্সেস মার্গারেট ক্যানসার ফাউন্ডেশনের জন্য প্রায় ৬৮ হাজার কানাডিয়ান ডলার সংগ্রহ হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে স্ত্রী জ্যাকির স্মৃতিচারণ করতে গিয়ে মার্ক বলেন, ‘জ্যাকি আমার সবকিছু ছিল, আমার আত্মার সঙ্গী এবং আমার সবচেয়ে ভালো বন্ধু।’

বিজ্ঞাপন

দীর্ঘ সাত বছর ক্যানসারের সঙ্গে লড়াই করার পর ২০২১ সালে মাত্র ৫৫ বছর বয়সে মারা যান জ্যাকি।

২০২৫ সালের ৮ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংকক থেকে নিজের বিশ্বভ্রমণ শুরু করেন মার্ক। এরপর ৩২৪ দিন সাইকেল চালিয়ে একই বছরের ২৭ নভেম্বর ব্যাংককের সেই শুরুর স্থানেই ফিরে আসেন। পুরো অভিযানে তাকে অতিক্রম করতে হয়েছে ২৫টি দেশ।

এই দীর্ঘ যাত্রায় প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি স্ত্রী জ্যাকির চিতার ছাইও সঙ্গে রেখেছিলেন মার্ক। জ্যাকি জীবিত থাকাকালে যেসব জায়গায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যাত্রাপথে সেসব স্থানের বিভিন্ন জায়গায় তার ছাই ছড়িয়ে দেন তিনি।

বিজ্ঞাপন

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য ইউরোপ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সড়ক পাড়ি দেওয়ার সময় স্থানীয় মানুষের কাছ থেকেও পেয়েছেন সহযোগিতা। মালয়েশিয়ায় পুলিশ তাকে এসকর্ট দিয়ে সহায়তা করে। পশ্চিম অস্ট্রেলিয়ায় এক নারী তাকে নিজের ক্যাফেতে রাত কাটানোর সুযোগ দেন।

এ ছাড়া যাত্রাপথে বহু মানুষ নিজেদের বাড়ির দরজা খুলে দিয়েছেন মার্কের জন্য। কেউ দিয়েছেন থাকার জায়গা, আবার কেউ খাবার দিয়ে পাশে দাঁড়িয়েছেন। মানুষের এই আন্তরিকতা তার দীর্ঘ ও কঠিন সাইকেল অভিযানের অভিজ্ঞতাকে আরও স্মরণীয় করে তুলেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD