ইরানে হামলার পরিকল্পনা বানচাল, আইআরজিসির অভিযানে নিহত ছয়

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়জনকে হত্যার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনী। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে চালানো অভিযানে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে আইআরজিসির কুদস বেজ।
বিজ্ঞাপন
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত কুদস বেজের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি দলের বিষয়ে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। পরে গোয়েন্দা তথ্যের মাধ্যমে দলটির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।
আইআরজিসির দাবি, ওই দলটি এলাকায় একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এরপর তাদের অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রথম বিবৃতিতে অভিযানে কয়েকজন নিহত হওয়ার কথা জানানো হলেও সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি। পরে দেওয়া আরেকটি বিবৃতিতে কুদস বেজ জানায়, অভিযানে ‘তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর’ ছয় সদস্য নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
অভিযানস্থল থেকে বেশ কয়েকটি বিস্ফোরক প্যাকেট উদ্ধার ও জব্দ করার দাবিও করেছে আইআরজিসি। তবে এসব বিস্ফোরকের ধরন কিংবা ঠিক কোথায় হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আইআরজিসির কুদস বেজ জানিয়েছে, অভিযান শেষ হয়নি। এলাকাটি পুরোপুরি তল্লাশি ও নিরাপদ করার কাজ চলমান রয়েছে।
তবে আইআরজিসির দাবির বাইরে নিহত ব্যক্তিদের পরিচয় বা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের স্বাধীন কোনো যাচাইয়ের তথ্য পাওয়া যায়নি। ফলে ঘটনাটির বিষয়ে ইরানি কর্তৃপক্ষের বক্তব্যকেই প্রাথমিক তথ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।








