Logo

মহারাষ্ট্রের সমুদ্রসৈকতে ডুবে আট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ২১:০৬
মহারাষ্ট্রের সমুদ্রসৈকতে ডুবে আট শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রে সমুদ্রে সাঁতার কাটতে নেমে প্রাণ হারিয়েছেন ৮ শিক্ষার্থী। বৃহস্পতিবার রাজ্যের রায়গড় জেলার দিভেগার সমুদ্রসৈকতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রশাসনের সদস্যদের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পুনের আলান্দির উইনার্স একাডেমির একাদশ ও দ্বাদশ শ্রেণির ৪৮ সদস্যের একটি দল শিক্ষা সফরে দিভেগারে গিয়েছিল। দলটিতে ২৫ জন ছাত্র, ১৭ জন ছাত্রী এবং ৬ জন শিক্ষক ছিলেন।

কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের একটি অংশ সমুদ্রে সাঁতার কাটতে নামলে হঠাৎ পানির প্রবল স্রোতে ৮ জন ভেসে যায়। সমুদ্রের পানির গভীরতা ও স্রোতের তীব্রতা সম্পর্কে তারা পর্যাপ্ত ধারণা করতে পারেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও প্রশাসনের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। পরে নিখোঁজ আট শিক্ষার্থীর মরদেহই উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিহত শিক্ষার্থীরা হলেন তন্ময় দত্তাত্রয় ভাহিলে, সুমিত ভারত আহিরে, প্রণব রামদাস বানসোড়ে, কৈবল্য সতীশ ওয়াসানকার, রাজবীর যুবরাজ ভাহিলে, যশ কিরণ ওয়াংখেড়ে, সোহম তুকারাম ভান্দভালকর ও কৌস্তুভ সন্দীপ দাউন্দ। তাদের প্রত্যেকের বয়স ১৬ বছর এবং তারা পুনের আলান্দির বাসিন্দা।

ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক সন্তোষ আওয়াতি ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা মরদেহগুলো বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD