Logo

সৌদিতে তরবারি হাতে চীনা রোবটের ‘আরদাহ’ নাচ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ২২:৫৫
সৌদিতে তরবারি হাতে চীনা রোবটের ‘আরদাহ’ নাচ
ছবি: সংগৃহীত

সৌদি পোশাকে শরীরে থোব ও মাথায় ঘুতরা। হাতে আনুষ্ঠানিক তরবারি। এরপর ঐতিহ্যবাহী ঢোলের তালে শুরু হলো সমন্বিত নৃত্য। তবে দৃশ্যটি কোনো মানব নৃত্যশিল্পীর নয়। চীনে তৈরি হিউম্যানয়েড রোবটগুলোই এবার সৌদি আরবের ঐতিহ্যবাহী ‘আরদাহ’ নৃত্যে অংশ নিয়ে অতিথিদের নজর কেড়েছে।

বিজ্ঞাপন

রিয়াদে চীনা দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই ব্যতিক্রমী পরিবেশনা হয়। চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হিউম্যানয়েড রোবটগুলো সৌদি ঐতিহ্যবাহী পোশাক পরে হাতে তরবারি নিয়ে ‘আরদাহ’ পরিবেশন করে। পরে সেই পরিবেশনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে রোবটগুলো সারিবদ্ধভাবে একসঙ্গে নড়াচড়া করছে। কখনো তারা ঘুরছে, কখনো মাথা নত করছে, আবার কখনো হাতে থাকা তরবারি নির্দিষ্ট ভঙ্গিতে তুলে ধরছে। একসঙ্গে তাদের এমন ভারসাম্যপূর্ণ ও সমন্বিত গতিবিধি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে রিয়াদ অঞ্চলের মেয়র প্রিন্স ফয়সল বিন আবদুলআজিজ বিন আইয়াফ আল-মুকরিন এবং সৌদি আরবে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়াসহ বিভিন্ন পর্যায়ের অতিথি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোবটগুলোর নৃত্য পরিবেশনার ভিডিও প্রকাশ করেন। তিনি জানান, চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দূতাবাসের আয়োজিত সংবর্ধনায় চীনে তৈরি এসব রোবট ‘আরদাহ’ পরিবেশন করেছে। তাঁর ভাষ্য, রোবটগুলোর এই পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মনে গভীর ছাপ ফেলেছে।

সৌদি আরবের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ ‘আরদাহ’। সাধারণত পুরুষদের একটি দল হাতে তরবারি নিয়ে বাদ্যযন্ত্রের তালে এবং কবিতার ছন্দের সঙ্গে সমন্বয় করে এই নৃত্য পরিবেশন করে। সৌদি সংস্কৃতিতে দীর্ঘদিন ধরেই বিশেষ মর্যাদা রয়েছে এই ঐতিহ্যবাহী পরিবেশনার।

তবে রোবটদের ‘আরদাহ’ পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে একইভাবে গ্রহণযোগ্য হয়নি। কেউ হিউম্যানয়েড রোবটগুলোর মসৃণ ও সমন্বিত নড়াচড়ার প্রশংসা করেছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, প্রযুক্তির মাধ্যমে তৈরি এমন পরিবেশনা ঐতিহ্যবাহী ‘আরদাহ’র সাংস্কৃতিক অর্থ ও চেতনাকে কতটা ধারণ করতে পারে।

বিজ্ঞাপন

রোবটগুলোর নৃত্য দেখে অনেকে আবার বিয়ের অনুষ্ঠানে মানুষের নাচের সঙ্গেও তুলনা করেছেন। ফলে প্রযুক্তি ও ঐতিহ্যের এই অস্বাভাবিক মেলবন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

হিউম্যানয়েড রোবোটিক্সের সক্ষমতা তুলে ধরতে সাম্প্রতিক সময়ে চীন বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ও অনুষ্ঠানে নিজেদের তৈরি রোবট প্রদর্শন করছে। নাচের পাশাপাশি খেলাধুলা, ভারসাম্য রক্ষা এবং নানা ধরনের কাজেও চীনা হিউম্যানয়েড রোবটের সক্ষমতা প্রদর্শিত হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD