চলন্ত ট্রেনে সাপ দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে আটক ৬

ভারতে চলন্ত ট্রেনে যাত্রীদের সাপ দেখিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে ছয়জনকে আটক করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। গত ২ অক্টোবর বিহারের জনসেবা এক্সপ্রেস ট্রেনের একটি সাধারণ বগিতে এ ঘটনা ঘটে। পরে দিঘওয়ারা স্টেশনে ওই ছয়জনকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
পূর্ব মধ্য রেলওয়ের সোনপুর ডিভিশনের আওতাধীন ১৪৬১৮ নম্বর জনসেবা এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তৎপর হয় আরপিএফ।
দিঘওয়ারার সোনপুর ফাঁড়ির উপপরিদর্শক শমসের কুমার ও সহকারী উপপরিদর্শক বিজয় কুমারের নেতৃত্বে আরপিএফের একটি দল ট্রেনটিতে নজরদারি করছিল। ট্রেনটি ছাপরা স্টেশন ছাড়ার পর সাধারণ বগিতে তল্লাশি চালানোর সময় সাপ হাতে ওই ছয়জনকে যাত্রীদের কাছ থেকে টাকা সংগ্রহ করতে দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পূর্ব মধ্য রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সরস্বতী চন্দ্র জানান, আরপিএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের সতর্ক করেন। এরপর ট্রেনটির পরবর্তী নির্ধারিত যাত্রাবিরতি দিঘওয়ারা স্টেশনে তাদের নামিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তিরা নিজেদের পরিচয় ও ঠিকানা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেয় বলেও জানা গেছে। কখনো তারা লক্ষ্ণৌ, আবার কখনো হিমাচল প্রদেশের ঠিকানা দাবি করেছে। তাদের প্রকৃত পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া চলছে।
ঘটনাটি জানানো হয়েছে বন বিভাগকেও। সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, চলন্ত ট্রেনে সাপ দেখিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা বেআইনি। এ ধরনের ঘটনায় যাত্রীদের সতর্ক থাকার পাশাপাশি বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস








