Logo

ভারতে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ অক্টোবর, ২০২৬, ১৮:৪৬
ভারতে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত
ছবি: সংগৃহীত

ভারতের বিহারের বন্যাকবলিত সারান জেলায় বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেট মাথায় পড়ে ৫৮ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছিল দেশটির বিমানবাহিনী। পানিতে প্লাবিত হওয়ায় হেলিকপ্টার থেকে নিচে ত্রাণের প্যাকেট ফেলা হচ্ছিল।

শুক্রবার পরশুরামপুর গ্রামের একটি ত্রাণকেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম অনিল কুমার সিং।

মারহাওরার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) সবিন্দ্র কুমার দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টার থেকে ফেলা একটি ত্রাণের প্যাকেট ওই ব্যক্তির মাথায় আঘাত করে। এতে তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিজ্ঞাপন

পুলিশের আরেক কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার এসএইচও বিমলেশ কুমার জানান, গ্রামবাসীর কাছ থেকে তারা জানতে পেরেছেন যে মাথায় ত্রাণের প্যাকেট পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তবে তার মাথা বা শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এদিকে একই সময় নিচ দিয়ে হেলিকপ্টার উড়ে যাওয়ার সময় সৃষ্ট বাতাসে একটি বাড়ির টিনের চাল উড়ে গিয়ে এক নারীর পায়ে আঘাত করে। এতে তিনি আহত হন। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর নিহতের মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ করেন স্থানীয়রা। তারা এ ঘটনার বিচার দাবি করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD