এশিয়ার জন্য তেলের দামে বড় ছাড় দিল সৌদি আরব

এশিয়ার ক্রেতাদের জন্য নভেম্বরের অপরিশোধিত তেলের দামে বড় ধরনের ছাড় দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো এশিয়ার বাজারে প্রধান গ্রেডের অপরিশোধিত তেলের দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত সৌদি আরামকোর মূল্য নির্ধারণের নথি থেকে এ তথ্য জানা গেছে।
নভেম্বরে এশিয়ার বাজারের জন্য আরব লাইট অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্য ওমান ও দুবাইয়ের গড় দামের চেয়ে প্রতি ব্যারেলে পাঁচ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। অক্টোবরে এই ছাড় ছিল দুই ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে ছাড় বেড়েছে তিন ডলার।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালের জুনের পর এশিয়ার জন্য সৌদি তেলের এটি সবচেয়ে বড় মূল্যছাড়।
বিজ্ঞাপন
প্রত্যাশার চেয়েও বড় ছাড়
এশিয়ার বাজারে নভেম্বরের তেলের দাম বাড়তে পারে বলে আগে ধারণা করা হয়েছিল। রয়টার্সের এক জরিপে বিশ্লেষকেরা সরকারি বিক্রয়মূল্য প্রতি ব্যারেলে সর্বোচ্চ পাঁচ ডলার বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। মধ্যপ্রাচ্যের অন্যান্য বেঞ্চমার্ক তেলের দাম বাড়ার কারণে এমন প্রত্যাশা তৈরি হয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে সেই পূর্বাভাসের বিপরীতে এশিয়ার বাজারে দাম কমিয়েছে সৌদি আরামকো। আরব লাইটের পাশাপাশি আরব মিডিয়াম ও আরব হেভি গ্রেডের দামও এশিয়ার ক্রেতাদের জন্য প্রতি ব্যারেলে পাঁচ ডলার কমানো হয়েছে।
পরিবহন ব্যয়ের চাপ কমাতে ছাড়
বিজ্ঞাপন
এশিয়ার কয়েকটি শোধনাগারের সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, তেল পরিবহনের ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে এই মূল্যছাড় দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে তেল পরিবহনের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনের উদ্দেশে উপসাগরীয় অঞ্চল থেকে প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজের ভাড়া শুক্রবার দৈনিক ১২ লাখ ডলারে উঠেছিল। এক বছর আগে একই ধরনের জাহাজের দৈনিক ভাড়া ছিল প্রায় ৮০ হাজার ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে জাহাজ ভাড়ার ব্যয় কয়েকগুণ বেড়েছে। এমন পরিস্থিতিতে তেলের দামে ছাড় দিয়ে ক্রেতাদের বাড়তি পরিবহন ব্যয়ের চাপ কিছুটা কমানোর উদ্যোগ নিয়েছে সৌদি আরামকো।
বিজ্ঞাপন
ইউরোপে বাড়ল দাম
এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম কমালেও উত্তর-পশ্চিম ইউরোপের বাজারে দাম বাড়িয়েছে সৌদি আরামকো। নভেম্বরে ওই অঞ্চলের ক্রেতাদের জন্য সব ধরনের অপরিশোধিত তেলের সরকারি বিক্রয়মূল্য প্রতি ব্যারেলে তিন ডলার বাড়ানো হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য নভেম্বরের তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।








