শিক্ষামন্ত্রীর আলোচনার ডাকের মধ্যেই ফ্রান্সে শিক্ষার্থীদের অবরোধ

শিক্ষা খাতে বরাদ্দ ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে আবারও আন্দোলনে নেমেছেন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। একই দিনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের আলোচনায় ডেকেছেন ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার গেফ্রে।
বিজ্ঞাপন
আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় তিনটি উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধিদের শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। ওই বৈঠকে উচ্চশিক্ষামন্ত্রী ফিলিপ বাপ্তিস্তও অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে বুধবার (৭ অক্টোবর) রাতে প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু শিক্ষার্থীদের দাবির বিষয়ে চলতি অক্টোবরের শেষ নাগাদ প্রাথমিক কিছু পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পরও আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৃহস্পতিবার প্যারিসের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এর ফলে প্যানথিওঁ-আসাস বিশ্ববিদ্যালয়ের সকালের ক্লাস বাতিল করতে হয়। একই পরিস্থিতিতে লুমিয়ের লিয়ঁ-২ বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যাম্পাস বৃহস্পতিবার বন্ধ রাখা হয়।
বিজ্ঞাপন
দেশটির অন্যান্য শহর থেকেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক বা পুরোপুরি বন্ধ থাকার খবর পাওয়া গেছে। আঙ্গে শহরে কয়েকটি স্কুলের সামনে আবর্জনার পাত্রে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সেখানে দমকল বাহিনীকে যেতে হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার দেশজুড়ে ২২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ এবং আরও ১৫১টিতে আংশিকভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা ছিল। তবে আগের দিন বুধবার একই সময়ের পূর্বাভাসের তুলনায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩০ শতাংশ কমেছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি হলো বিশ্ববিদ্যালয়গুলোতে আরও ২ লাখ ৫০ হাজার আসন বাড়ানো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রচলিত পারকোরসুপ নির্বাচন প্রক্রিয়া বন্ধের দাবিও জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
ইউনিয়ন সিস্কাল লিসেনের (ইউএসএল) সভাপতি রিয়াদ রানি আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের দাবি জানিয়েছেন। তার ভাষ্য, শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবগুলোর আর্থিক হিসাবও প্রস্তুত করা হয়েছে।
এদিকে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ইয়েল ব্রাউন-পিভে। একই সঙ্গে সরকার শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর কথাও জানিয়েছে।
সরকারি মুখপাত্র মওদ ব্রেজোঁ জানান, আগামী বছর জাতীয় শিক্ষাব্যবস্থার জন্য ৬৪ বিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হয়েছে। তবে সরকারের বিভিন্ন আশ্বাসের মধ্যেও শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
শিক্ষা খাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ানো এবং ভর্তি প্রক্রিয়া সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি রাজপথে কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
সূত্র: আনাদোলু এজেন্সি








