Logo

সিরিয়া, লিবিয়া ও জর্ডানে বন্যা, দুই শিশুসহ মৃত্যু ৪

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬, ১৪:৫২
সিরিয়া, লিবিয়া ও জর্ডানে বন্যা, দুই শিশুসহ মৃত্যু ৪
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় সিরিয়া, লিবিয়া ও জর্ডানে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) এসব দেশের বিভিন্ন এলাকায় বন্যার পানি ঢুকে জনজীবন ব্যাহত হয়। কোথাও প্রাণহানির ঘটনা ঘটেছে, আবার কোথাও ঘরবাড়ি, ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সিরিয়ায় বন্যার পানিতে ভেসে গেল দুই শিশু

সিরিয়ার রাক্কা প্রদেশের মাদান এলাকায় বন্যার পানিতে ভেসে যায় দুই শিশু। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির আল-ইখবারিয়া টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের রাক্কা, দেইর আজ-জোর ও হাসাকা প্রদেশে বৈরী আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল।

লিবিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাংককর্মীর মৃত্যু

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভারী বৃষ্টির মধ্যে কর্মস্থলে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাংককর্মীর মৃত্যু হয়েছে। রাষ্ট্রায়ত্ত জুমহুরিয়া ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অতিবৃষ্টিতে ত্রিপোলির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও যানবাহন। দেশটির জাতীয় পানি ও পয়ঃনিষ্কাশন সংস্থা জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির চাপে শহরের পানি নিষ্কাশনব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় লিবিয়ান রেড ক্রিসেন্টের জরুরি দল মোতায়েন করা হয়েছে। ত্রিপোলির সুক আল-জুমা পৌরসভা এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করে সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছে।

এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে ত্রিপোলি বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা স্থগিত করেছে।

বিজ্ঞাপন

জর্ডানে বন্যায় যুবকের মৃত্যু, অন্য দেশেও সতর্কতা

জর্ডানের পূর্বাঞ্চলীয় রুয়াইশেদ জেলায় আকস্মিক বন্যার পানিতে ভেসে যাওয়া ২৩ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কায় বাসিন্দাদের বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এদিকে সৌদি আরব ও আলজেরিয়ায় ভারী বৃষ্টি এবং আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি এলাকায়ও বৃষ্টি হয়েছে এবং বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে।

বিভিন্ন দেশে প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD