Logo

পোপ লিওর ফুসফুসে ক্যান্সার শনাক্ত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৬, ১৮:০৫
পোপ লিওর ফুসফুসে ক্যান্সার শনাক্ত
ছবি: সংগৃহীত

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যান্সার শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। ডান ফুসফুসের নিচের অংশ অপসারণের অস্ত্রোপচারের সময় নেওয়া টিস্যু পরীক্ষায় এ রোগ নিশ্চিত হয়। ৭১ বছর বয়সী পোপের অস্ত্রোপচারটি গত ১৩ অক্টোবর মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে সম্পন্ন হয়। এতে প্রায় ৯০ মিনিট সময় লাগে।

বিজ্ঞাপন

চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় পরীক্ষা করা টিস্যুতে ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়েছে। ভ্যাটিকানের এক বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচার সফল হয়েছে। স্বল্প সময় পর্যবেক্ষণে রাখার পর পোপকে তাঁর কক্ষে ফিরিয়ে নেওয়া হয়।

ভ্যাটিকান সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি নোডিউল বা ছোট পিণ্ড শনাক্ত হয়েছিল। ফুসফুসে এ ধরনের পিণ্ড বিভিন্ন কারণে তৈরি হতে পারে। তবে সব নোডিউলই ক্যান্সার নয়; অনেক ক্ষেত্রে এগুলো নিরীহ প্রকৃতির হয়।

আমেরিকান থোরাসিক সোসাইটির তথ্য অনুযায়ী, ফুসফুসে শনাক্ত হওয়া এ ধরনের নোডিউলের পাঁচ শতাংশেরও কম ক্ষেত্রে ক্যান্সার দেখা যায়। তবে বয়স, পিণ্ডের আকার এবং ধূমপানের অভ্যাসসহ বিভিন্ন বিষয়ের ওপর ক্যান্সারের ঝুঁকি নির্ভর করে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাধারণ ফুসফুসের টিস্যুর তুলনায় নোডিউলগুলো বেশি ঘন হওয়ায় সিটি স্ক্যানে সাদা দাগের মতো দেখা যায়। আমেরিকান থোরাসিক সোসাইটির ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা অনেক সময় এগুলোকে ‘ছায়া’ বা ‘ফুসফুসের ওপর দাগ’ বলে উল্লেখ করেন।

পোপ লিওর ক্ষেত্রে অস্ত্রোপচারের সময় সংগৃহীত টিস্যুর পরীক্ষায় পিণ্ডটি যে ক্যান্সারযুক্ত, তা নিশ্চিত হয়েছে। হলি সি প্রেস অফিসের প্রকাশিত বিবৃতিতে চিকিৎসক লুইজি কার্বোন ও স্টেফানো মার্গারিটোরা বলেন, “অস্ত্রোপচারের সময় করা হিস্টোলজিক্যাল পরীক্ষায় ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমার রোগনির্ণয় নিশ্চিত হয়েছে, যা অস্ত্রোপচারের আগে স্বাস্থ্য পরীক্ষার সময় থেকে সন্দেহ করা হয়েছিল।”

অ্যাডেনোকার্সিনোমা ফুসফুসের ক্যান্সারের সবচেয়ে সাধারণ ধরনগুলোর একটি। এটি ফুসফুসের শ্লেষ্মা উৎপাদনকারী কোষ থেকে শুরু হয়। এ ধরনের ক্যান্সার ধূমপান করেননি, এমন ব্যক্তিদের মধ্যেও দেখা যায়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, অধূমপায়ীদের মধ্যে শনাক্ত হওয়া ফুসফুসের ক্যান্সারের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশই অ্যাডেনোকার্সিনোমা।

পোপ চতুর্দশ লিও ২০২৫ সালের মে মাসে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন। ৭১ বছর বয়সী এই ধর্মগুরু খেলাধুলা পছন্দ করেন। বিশেষ করে টেনিসের প্রতি তাঁর আগ্রহ রয়েছে। তিনি ধূমপান করেন না বলে জানা যায়। এর আগে তাঁর বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হওয়ার তথ্যও প্রকাশ্যে আসেনি।

তবে ফুসফুসের ক্যান্সার শনাক্ত হওয়ার পর তাঁর চিকিৎসার পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

সূত্র: বিবিসি বাংলা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD