বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। হরমুজ প্রণালীতে জাহাজে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা একদিকে বাজারে উদ্বেগ বাড়াচ্ছে। অন্যদিকে, জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ তেলের দামে নিম্নমুখী প্রভাব ফেলছে। এই দুই বিপরীত পরিস্থিতির মধ্যে বিনিয়োগকারীরা লেনদেন করায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩৯ ডলার বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৪ দশমিক ৬৭ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও কমেছে। এ সময় প্রতি ব্যারেলের দাম ১ দশমিক ০২ ডলার বা ১ দশমিক ০৭ শতাংশ কমে ৯৪ দশমিক ০৭ ডলারে দাঁড়ায়। এর ফলে আগের দিনের ঊর্ধ্বমুখী প্রবণতার বিপরীত চিত্র দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে সর্বশেষ লেনদেনে ডব্লিউটিআইয়ের দাম গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরামকোর সদর দপ্তরে হামলা চালানোর পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ে। একই সময়ে ইরান জানায়, হরমুজ প্রণালীতে জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং তেলের দাম উচ্চপর্যায়ে ধরে রাখার জন্য তারা নতুন কৌশল প্রয়োগ করছে।
এদিকে বুধবার সামুদ্রিক পরিবহন কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালীর কাছে পৃথক দুটি ঘটনায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তুর আঘাতে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি শুকনো পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
গত ১০ দিনে হরমুজ প্রণালীর আশপাশে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।
বিজ্ঞাপন
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে নিরাপত্তাঝুঁকি বাড়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে। ফলে সরবরাহ বিঘ্নের আশংকা ও পরিবহন ব্যয় কমানোর সম্ভাবনার মধ্যে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।








