নোবেল না পেয়ে ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বললেন ট্রাম্প

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ থেকে নরওয়ের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দেশটিকে ‘জঘন্য দেশ’ আখ্যা দিয়ে নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে চান না বলেও মন্তব্য করেছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের পোর্ট হুরনে এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান দলের এক সিনেট প্রার্থীর সমর্থনে এ সমাবেশের আয়োজন করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
সমাবেশে ট্রাম্প বলেন, বিশ্বের কয়েকটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে তাঁর আপত্তি নেই। তবে নরওয়ের নাগরিকদের তিনি যুক্তরাষ্ট্রে চান না। এর কারণ হিসেবে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।
নরওয়ের সমালোচনা করতে গিয়ে দেশটিকে ‘জঘন্য দেশ’ বলেও আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনের মতো দেশ সম্পর্কেও একই ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
সমাবেশে ফ্রান্সের সাম্প্রতিক অস্থিরতার প্রসঙ্গও তুলে ধরেন ট্রাম্প। দেশটিতে অস্থিরতার জন্য অভিবাসনকে দায়ী করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে ট্রাম্প প্রশাসন নতুন কোনো নীতি গ্রহণ করতে যাচ্ছে কি না, সে বিষয়ে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তাঁর বক্তব্যের পর এ ধরনের কোনো পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে এর আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। চলতি অক্টোবরের শুরুতে তিনি মন্তব্য করেছিলেন, তাঁকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার ঘটনা নরওয়ের জন্য একটি ‘অমোচনীয় কলঙ্ক’ হয়ে থাকবে।
বিজ্ঞাপন
নোবেল শান্তি পুরস্কার প্রদান করে নরওয়েজীয় নোবেল কমিটি। তবে পুরস্কার না পাওয়ার কারণে নরওয়ের নাগরিকদের যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে না চাওয়ার বক্তব্যের বিষয়ে দেশটির সরকারের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে নরওয়ে বিশ্বের অন্যতম উচ্চ আয়ের দেশ। মাথাপিছু মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাবেও দেশটির অবস্থান উল্লেখযোগ্য।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল রেকর্ড ১ লাখ ৭৫ হাজার কোটি নরওয়েজীয় ক্রোনার মুনাফা করেছে, যা প্রায় ১৮ হাজার ৪৩০ কোটি মার্কিন ডলারের সমান।
বিজ্ঞাপন
ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা নোবেল কমিটির কোনো প্রতিনিধি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাননি।
সূত্র: রয়টার্স








