কিশোরীকে চুম্বন: নগ্ন করে রাস্তায় হাঁটানো হলো ৩ ব্যক্তিকে

ভারতের কলকাতায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে চুম্বনের অভিযোগে এক তরুণ, তাঁর বাবা ও বন্ধুকে অস্ত্রের মুখে বিবস্ত্র করে রাস্তায় হাঁটতে বাধ্য করার অভিযোগ উঠেছে কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোরীর বাবা, মামা ও মাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) কলকাতার সরশুনা থানা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গ্রেপ্তার তিনজনই ওই কিশোরীর পরিবারের সদস্য।
পুলিশ সূত্রের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় ১৮ বছর বয়সী ওই তরুণ কলকাতার খালপাড় মাঠে ১৩ বছর বয়সী কিশোরীর সঙ্গে দেখা করতে যান। তাঁর সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী এক বন্ধুও। কথাবার্তার একপর্যায়ে তরুণ কিশোরীকে চুম্বন করেন বলে অভিযোগ। ঘটনাটি কিশোরীর মামার এক বন্ধু দেখে ফেলেন এবং বিষয়টি তাঁর বাবা ও মামাকে জানান।
এরপর কিশোরীর বাবা প্রদীপ সরকার ও মামা রাহুল বর্মন দুই তরুণকে ক্ষুদিরামপল্লিতে তাঁদের বাড়িতে ডেকে নিয়ে যান বলে অভিযোগ। পরে মামা ফোন করে তাঁর আরও তিন-চারজন বন্ধুকে সেখানে ডাকেন। বাড়ির ভেতরে দুই তরুণকে দীর্ঘক্ষণ হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, পরে ঘটনাস্থলে ডেকে নেওয়া হয় ওই তরুণের বাবাকেও। এরপর কিশোরীর পরিবারের সদস্যরা তিনজনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁদের বিবস্ত্র হতে বাধ্য করেন। তাঁদের বাড়ির সামনের রাস্তায় প্রায় ৫০ মিটার নগ্ন অবস্থায় হাঁটতে বাধ্য করা হয় বলে অভিযোগ। তরুণের বাবাকেও এ ঘটনা থেকে রেহাই দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে সরশুনা থানায় মামলা করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত, জোর করে তুলে নিয়ে যাওয়া, বেআইনিভাবে আটকে রাখা, সম্মানহানি ও ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অস্ত্র আইনের ধারাও যুক্ত করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরীর বাবা প্রদীপ সরকার, মামা রাহুল বর্মন এবং মা রিঙ্কু সরকার। তাঁদের নাম এফআইআরে রয়েছে। এ ছাড়া এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্যদের খুঁজছে পুলিশ।
বিজ্ঞাপন
সূত্র: আনন্দবাজার পত্রিকা








