অসুস্থতার নাটক করে কারাগার থেকে পালালেন ১৭ বন্দি

ভারতের তামিলনাড়ুতে অসুস্থতার ভান করে কারারক্ষীদের ওপর হামলা চালিয়ে কারাগার থেকে পালিয়েছেন ১৭ বন্দি। এ ঘটনায় অভিযান চালিয়ে ইতোমধ্যে চারজনকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি বন্দিদের ধরতে রাজ্যজুড়ে তল্লাশি জোরদার করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) রিপাবলিক ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, একই কক্ষে থাকা বন্দিদের একজন অসুস্থ হওয়ার অভিনয় করেন। বিষয়টি তদন্ত করতে কারারক্ষীরা কক্ষে প্রবেশ করলে তাদের ওপর হামলা চালান বন্দিরা। এ সময় থেক্কামপট্টি উপকারাগারের দ্বিতীয় শ্রেণির পুলিশ কর্মকর্তা থাঙ্গাপান্ডি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে জি ভিলান্কু সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আরও দুই কারারক্ষী সামান্য আহত হয়েছেন।
সাউথ জোনের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বিজয়েন্দ্র বিদারি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা চার বন্দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
পলাতক বন্দিদের ধরতে তামিলনাড়ু পুলিশ ১৭টি বিশেষ দল গঠন করেছে। মাদুরাই, দিন্দিগুল ও ইডুক্কি জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ১৬টি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করছে পুলিশ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দিন্দিগুলের পুলিশ সুপার এস জয়কুমার এএনআইকে বলেন, ‘থেনি উপকারাগার থেকে ১৭ জন বন্দি পালিয়ে গেছে। সতর্কতা হিসেবে আমরা প্রতিবেশী দিন্দিগুল জেলার ১৬টি স্থানে চেকপোস্ট স্থাপন করেছি এবং সব যানবাহন পরীক্ষা করছি।’
পলাতক বন্দিরা হলেন লিঙ্গাম, রাজা সিগেন্দার, কারুপ্পাসামী, সিলামবারাসান, তিরুপতি, মেনজিসুন্দরাম, সাবারি, পন মুথু, নিজান্থ, কার্তিক রাজা, মুগিলান, সেলভা, তরুণ, রাজকুমার, প্রবীন, মুথু ইলাঙ্গো ও রাজুভিন।
বিজ্ঞাপন
পুলিশ তাদের ছবি বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছে। পলাতকদের অনেকেই ভিলুপ্পুরম জেলার বাসিন্দা হওয়ায় সেখানেও নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে, ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ডিএমকে রাজ্যসভার সংসদ সদস্য পি উইলসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা দপ্তরের দায়িত্বে থাকা মাননীয় মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নিজের মাথা লজ্জায় নত করা উচিত এবং রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার এই মারাত্মক অবনতির নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত।’
গত সপ্তাহে উচ্চ নিরাপত্তার পুঝাল কারাগার থেকে বন্দি পালানোর ঘটনাও তুলে ধরে কারাগারের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
সূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড








