Logo

হামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬, ১৪:০৯
হামলা বন্ধের শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব
জনবাণী গ্রাফিক্স।

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মধ্যস্থতায় ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব—এমন দাবি করেছে কয়েকটি সংবাদমাধ্যম। উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে তেহরানে আলোচনা হয়েছে। তবে অর্থ দেওয়ার প্রস্তাব কিংবা নগদ অর্থ বহনের দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে তেহরান সফর করেন। এক কূটনৈতিক সূত্রের দাবি, তিনি সৌদি সামরিক পরিবহন বিমান হারকিউলিসে করে ১০০ কোটি ডলার তেহরানে নিয়ে যান। তবে সৌদি সরকারের কোনো কর্মকর্তা অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেননি।

প্রতিবেদন অনুযায়ী, তেহরানের আলোচনায় তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মহসেন রেজাই এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের ধারাবাহিক হামলায় অর্থনৈতিক ক্ষতির বিষয়টি সামনে রেখে ইরান মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের তেহরান সফর ছিল উত্তেজনা কমানো, সংলাপ ও কূটনৈতিক সমাধান এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ। পাশাপাশি কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন করাও এ সফরের উদ্দেশ্য বলে বিবৃতিতে জানানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা এক সৌদি কর্মকর্তা অর্থ হস্তান্তরের খবর নিশ্চিত না করলেও জানান, প্রায় তিন বছর আগে হওয়া একটি সমঝোতার বাস্তবায়ন নিয়ে বিরোধই সংঘাতের অন্যতম কারণ।

বিজ্ঞাপন

ওই সমঝোতা অনুযায়ী, হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকার সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ এবং অবকাঠামো পুনর্গঠনে সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার কথা ছিল। এর বিনিময়ে হুথিদের হামলা বন্ধ রাখার বিষয়টিও সমঝোতার অংশ ছিল। হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে। অন্যদিকে সৌদি আরবের অবস্থান হলো, সামরিক চাপ বা ব্ল্যাকমেইলের মুখে তারা নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হবে না।

প্রতিবেদনে আরও বলা হয়, মক্কা যৌথ প্রতিরক্ষা জোট ও ইরানি নেতৃত্বের মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। গত সপ্তাহে পাকিস্তানের সেনাপ্রধানের তেহরান সফরের সময় এ উদ্যোগের রূপরেখা তৈরি হয় বলে উল্লেখ করা হয়েছে।

তবে হুথিদের হামলা বন্ধের বিনিময়ে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব এবং সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বিমানে অর্থ বহনের দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD