Logo

আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে বাদ আরও ১ কোটি নাম

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬, ১৭:৪৩
আন্দোলনের মধ্যেই ভারতে ভোটার তালিকা থেকে বাদ আরও ১ কোটি নাম
ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটকে ভোটার তালিকা সংশোধনের পর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে প্রায় এক কোটি ভোটারের নাম। আগে রাজ্যটিতে নিবন্ধিত ভোটার ছিলেন ৫ কোটিরও বেশি। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত চূড়ান্ত তালিকায় খসড়া তালিকার তুলনায় নতুন করে ৮ লাখ ৬৪ হাজার ভোটারের নাম যুক্ত হয়েছে। এর আগে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল ১ কোটি ৭ লাখের বেশি নাম।

বিজ্ঞাপন

কর্ণাটকের প্রধান নির্বাচনি কর্মকর্তার ওয়েবসাইটে বিধানসভা আসনভিত্তিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া নির্বাচন কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টালে নিজেদের নাম যাচাই করতে পারবেন ভোটাররা।

নাম যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে ‘সার্চ বাই ইপিআইসি’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ভোটার পরিচয়পত্রের নম্বর দিয়ে রাজ্য হিসেবে কর্ণাটক নির্বাচন করতে হবে। সবশেষে ক্যাপচা পূরণ করে ‘সার্চ’ বাটনে ক্লিক করলে ভোটারের তথ্য দেখা যাবে।

তবে অনুসন্ধানের ফলাফলে ‘নো রেজাল্ট ফাউন্ড’ দেখালেই নাম বাদ পড়েছে বলে নিশ্চিত হওয়া যাবে না। এ ক্ষেত্রে সরকারি ভোটার তালিকায় নিজের তথ্য যাচাই করতে হবে। প্রয়োজনে নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে হবে।

বিজ্ঞাপন

চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ২ কোটি ২৫ লাখের বেশি এবং নারী ভোটার ২ কোটি ২৯ লাখের বেশি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ১৮ ও ১৯ বছর বয়সী ভোটার রয়েছেন ৬ লাখ ৮৩ হাজারের বেশি। ৮৫ বছরের বেশি বয়সী ভোটারের সংখ্যা ৩ লাখ ৯২ হাজারের বেশি।

খসড়া ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে বাসস্থান পরিবর্তন করেছেন বা গণনার সময় যাঁদের খুঁজে পাওয়া যায়নি, এমন ভোটারদের। এ কারণে বাদ দেওয়া হয়েছে ৮০ লাখ ৬২ হাজার নাম।

বিজ্ঞাপন

এ ছাড়া মৃত হিসেবে নথিভুক্ত হওয়ায় ১৬ লাখ ৩৯ হাজারের বেশি এবং একাধিকবার নাম থাকায় ৭ লাখের বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ‘অন্যান্য’ শ্রেণিতে বাদ পড়েছে আরও ৩ লাখ ৮৩ হাজার নাম।

তবে বাসস্থান পরিবর্তন বা খুঁজে না পাওয়ার কারণে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের ভোটার তালিকায় ফের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করার সুযোগ রয়েছে।

নতুন ভোটারদের আবেদনসহ এ ধরনের মোট ৭ লাখ ৮৭ হাজার ৫৩৪টি আবেদন পেয়েছে নির্বাচনি কর্তৃপক্ষ। এসব আবেদনের মাধ্যমে বাদ পড়া ভোটারদের নাম ফের তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD