Logo

কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে বিএমডব্লিউ উপহার দিলেন ব্যবসায়ী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬, ২০:০৮
কর্মীদের যাতায়াতের কষ্ট দেখে বিএমডব্লিউ উপহার দিলেন ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

শীতের ঠান্ডায় বৈদ্যুতিক স্কুটারে চড়ে কাজে আসতে কর্মীদের কষ্ট হতো। তাঁদের দুর্ভোগ দেখে মন খারাপ হয়েছিল চীনের এক নারী ব্যবসায়ীর। কর্মীদের যাতায়াতের কষ্ট কমাতে এবার দুজনের হাতে তুলে দিয়েছেন নতুন বিএমডব্লিউ গাড়ি। ব্যতিক্রমী এই উদ্যোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছেন মা ইয়ানলি।

বিজ্ঞাপন

মা ইয়ানলি চীনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরে একটি বিফ হটপট রেস্তোরাঁ চেইনের মালিক। হেনান টিভির প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর কর্মীদের নিয়ে গাড়ির শোরুমে যান তিনি। সেখানে দুই কর্মীর হাতে তুলে দেওয়া হয় নতুন বিএমডব্লিউ গাড়ি।

প্রতিটি গাড়ির দাম ছিল ৩ লাখ ইউয়ান, যা প্রায় ৪৫ হাজার মার্কিন ডলার। গাড়ি দুটি তিনি দুই সপ্তাহ আগেই পুরো অর্থ পরিশোধ করে কিনেছিলেন।

মা ইয়ানলি জানান, গত শীতকালে কর্মীদের গাড়ি উপহার দেওয়ার চিন্তা প্রথম তাঁর মাথায় আসে। তাঁর প্রতিষ্ঠানে আট বছর ধরে কাজ করছেন লি জিয়ে নামের এক কর্মী। অন্য সহকর্মীদের মতো তিনিও বৈদ্যুতিক স্কুটারে চড়ে কাজে যেতেন।

বিজ্ঞাপন

একদিন সকালে লি যখন রেস্তোরাঁয় পৌঁছান, তখন ঠান্ডায় তাঁর মুখ লাল হয়ে গিয়েছিল। কান বেগুনি হয়ে গিয়েছিল, আর ঠান্ডা বাতাসে হাত শক্ত হয়ে আসছিল।

কর্মীর এমন অবস্থা দেখে কষ্ট পান মা ইয়ানলি। তিনি বলেন, ‘আমি গাড়িতে বসে আরাম ও উষ্ণতার মধ্যে যাতায়াত করতে পারি। তাহলে আমার কর্মী কেন তা পারবে না?’

এই ভাবনা থেকেই কর্মীদের জন্য গাড়ি কেনার সিদ্ধান্ত নেন তিনি।

বিজ্ঞাপন

নতুন বিএমডব্লিউ পেয়ে আনন্দিত লি জিয়ে। এমন উপহার পাবেন, তা কখনো কল্পনাও করেননি তিনি। গাড়ি নিতে যাওয়ার পথে মালিক তাঁকে শুধু বলেছিলেন, একটি বড় খেলনা উপহার দেবেন।

পরে একটি সাদা বিএমডব্লিউ তাঁর নামে নিবন্ধন করা হয়। গাড়িটির জন্য তাঁকে কোনো অর্থ দিতে হয়নি। এমনকি উপহার পাওয়ার বিনিময়ে কোনো চুক্তিতেও সই করতে হয়নি।

অন্য কর্মী লিউ ইংইং পেয়েছেন ধূসর রঙের একটি বিএমডব্লিউ। সংবাদমাধ্যমকে তিনি বলেন, মালিক তাঁকে জানিয়েছেন, তিনি পরিশ্রম করেন এবং কাজেও ভালো করেন। তাই এই গাড়ি তাঁর প্রাপ্য।

বিজ্ঞাপন

খাদ্য ব্যবসায় প্রায় দুই দশকের অভিজ্ঞতা রয়েছে মা ইয়ানলির। তাঁর মতে, প্রতিষ্ঠানের সাফল্য শুধু মালিকের একার প্রচেষ্টায় আসে না। এর পেছনে কর্মীদের সম্মিলিত অবদান থাকে।

মা ইয়ানলি বলেন, ‘আমি আমার পেশাগত জীবনে সফলতা পেয়েছি। কিন্তু আমার প্রতিষ্ঠানের সমৃদ্ধির পেছনে সব কর্মীর সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তাই প্রতিষ্ঠানের সাফল্যের সুফল তাদেরও পাওয়া উচিত।’

কর্মীদের প্রতি উদারতার জন্য অবশ্য এবারই প্রথম আলোচনায় আসেননি তিনি। চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসবে কর্মীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য ও নগদ বোনাস দিয়ে থাকেন এই ব্যবসায়ী।

বিজ্ঞাপন

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD