ইসরায়েলের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে—এমন তথ্য সামনে আসার পর নিজ দলের সমর্থকদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে রাত ১০টা পর্যন্ত। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি বেশি।
নিজে ভোট দেওয়ার পর লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘তারা (আরবরা) আমাদের কাছ থেকে নির্বাচন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।’
নেতানিয়াহু মূলত আরব দল রা’মের তিন সদস্যের ঘটনা উল্লেখ করেন। ভোটারদের টাকা দিতে গিয়ে তাঁরা আটক হয়েছেন বলে জানান তিনি। নেতানিয়াহু বলেন, ‘বিষয়টি গুরুতর। এটি অপরাধ। তারা (টাকা নিয়ে) সব মানুষের কাছে যাবে। আপনাদের সতর্ক করা হচ্ছে।’
বিজ্ঞাপন
নেগেভ অঞ্চলে ইহুদিদের তুলনায় আরব ভোটারদের উপস্থিতি বেশি বলেও মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘নেগেভে ইহুদিদের চেয়ে আরব ভোটারদের উপস্থিতি বেশি। আপনাদেরও (ইহুদিদের) বের হতে হবে, ভোটকেন্দ্রে যেতে হবে। সমুদ্রসৈকতে নয়, কোনো বারবিকিউ পার্টি নয়। সবাই লিকুদকে ভোট দিতে বের হন।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচন হয় আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে। এ ব্যবস্থায় ভোটাররা নির্দিষ্ট কোনো প্রার্থীকে নয়, বরং রাজনৈতিক দলকে ভোট দেন। পরে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে পার্লামেন্টে আসন বণ্টন করা হয়।
ফলে আরব ভোটাররা যদি আরব দলগুলোকে বেশি ভোট দেন, তাহলে পার্লামেন্টে সেসব দলের আসনসংখ্যা বাড়তে পারে। এমন আশঙ্কা থেকেই নেতানিয়াহু ইহুদি ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার তাগিদ দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: টাইমস অব ইসরায়েল








