ইসরায়েলে আরব ভোটারদের ভোট দিতে ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে

ইসরায়েলের আরব অধ্যুষিত এলাকাগুলোর ভোটকেন্দ্রে ইচ্ছাকৃতভাবে ভোটগ্রহণে দেরি করানোর অভিযোগ উঠেছে। এতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক ভোটার ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করেছে একটি মানবাধিকার সংস্থা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৭ অক্টোবর) ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক মানুষ ভোট দিতে বের হয়েছেন। আরব অধ্যুষিত শহরগুলোতেও ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্য।
ইসরায়েলের ‘দ্য অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েল’ সতর্ক করে জানিয়েছে, আরব ভোটকেন্দ্রগুলোতে ইচ্ছাকৃতভাবে ভোটগ্রহণে বিলম্ব করার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর ফলে অনেক আরব ভোটার শেষ পর্যন্ত ভোট দিতে না-ও পারেন।
সংস্থাটির পাওয়া তথ্য অনুযায়ী, ভোটগ্রহণের প্রক্রিয়া অস্বাভাবিকভাবে ধীরগতিতে চলছে। ফলে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। সংস্থাটি বলেছে, এটি ‘অনিচ্ছাকৃত’ কোনো ঘটনা নয়। আরব ভোটকেন্দ্রগুলোতে ইচ্ছাকৃতভাবে দেরি করানোর কারণে অনেক আরব ইসরায়েলি নাগরিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না বলে আশঙ্কা করছে তারা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রধান নির্বাচন কর্মকর্তাকে হস্তক্ষেপ করার পাশাপাশি সংশ্লিষ্ট ভোটকেন্দ্রগুলোতে দ্রুত পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, রাহাত, তেল শেভা, লাকিয়া, সেগেভ সালোম, আবু তুলুল, উম বাতিন, ইকসাল, জালজুলায়া, কাফর কারা, জিসার ই-জারকা, কাফর মান্দা, আর’আরা, তামরা, কাফর কান্না, তিরা ও দাবুরিয়ায় অত্যন্ত ধীরগতিতে ভোটগ্রহণ চলছে।
এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছিলেন, অনেক আরব ভোট দিতে বের হয়েছেন। তাঁরা নির্বাচনে ব্যবধান গড়ে দিতে পারেন—এমন আশঙ্কা থেকে তিনি ইহুদি ভোটারদেরও ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
সূত্র: জেরুজালেম পোস্ট








