রিয়াদ লক্ষ্য করে শত্রুপক্ষের ড্রোন হামলা, ধ্বংসের দাবি সৌদির

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে শত্রুপক্ষের ছোড়া একটি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির সামরিক জোট। শনিবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি এ তথ্য জানান। তাঁর দাবি, সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি শনাক্ত করার পর আকাশেই ধ্বংস করে দেয়।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুর্কি আল-মালকি জানান, রিয়াদ অঞ্চলের আকাশে শত্রুপক্ষের একটি ড্রোন শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থা। পরে সেটি ধ্বংস করা হয়। ড্রোনটির ধ্বংসাবশেষ নিচে পড়লেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে ড্রোনটি কারা উৎক্ষেপণ করেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি জোটের মুখপাত্র।
গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও ভূখণ্ড লক্ষ্য করে ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে। সম্প্রতি রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলার পর টানা দুই সপ্তাহ বিমানবন্দরটি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এ ছাড়া বাতিল করা হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজন। এসব হামলা সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র্য আনার পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার তুর্কি আল-মালকি দাবি করেন, ইসলামের দ্বিতীয় পবিত্রতম নগরী মদিনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা। তবে পরবর্তী সময়ে এ অভিযোগ অস্বীকার করে গোষ্ঠীটি।
চলতি গ্রীষ্মে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত সরকারের সঙ্গে হুথিদের নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের তেল অবকাঠামো, বিমানবন্দর ও বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
জাতিসংঘের তথ্য অনুযায়ী, নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ২ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ।
গত জুলাইয়ে সৌদি আরবের আকাশসীমায় আরোপিত বিধিনিষেধ উপেক্ষা করে ইয়েমেনের রাজধানী সানায় ইরানের একটি বিমান অবতরণের অনুমতি দেয় হুথিরা। এর পরপরই ২০২২ সালে স্বাক্ষরিত ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি কার্যত ভেঙে পড়ে। দুই পক্ষের মধ্যে শুরু হয় পাল্টাপাল্টি হামলা।
পরবর্তী সময়ে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় হুথিরা। একই সঙ্গে সৌদির বাণিজ্যিক জাহাজ, ভূখণ্ড ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু করে গোষ্ঠীটি। একপর্যায়ে দ্রুতগতির সামরিক অভিযানের মাধ্যমে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে তারা।
বিজ্ঞাপন
অন্যদিকে সৌদি আরবের পাল্টা হামলার কারণে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ঘন ঘন বিমান হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে গোষ্ঠীটি।
সূত্র: এএফপি।








