বেতন ১০ হাজার রুপি, ব্যাং কঢুকল ১০ হাজার কোটি!

মাসিক বেতন মাত্র ১০ হাজার রুপি। অথচ হঠাৎ ব্যাংক হিসাব পরীক্ষা করতে গিয়ে দেখলেন, সেখানে জমা হয়েছে ১০ হাজার কোটি রুপিরও বেশি অর্থ! এমন অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতের রাজস্থানের ২২ বছর বয়সী এক যুবক।
বিজ্ঞাপন
ওই যুবকের নাম সমীর খান। রাজস্থানের সিকার শহরের সালাসার বাসস্ট্যান্ডের কাছে নির্মল মেডিকেল পয়েন্ট নামের একটি ওষুধের দোকানে কাজ করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (২৮ অক্টোবর) নিজের প্রিপেইড মোবাইল নম্বরে রিচার্জ করার জন্য ব্যাংক হিসাবের ব্যালান্স দেখতে অ্যাপ চালু করেন সমীর। পিন নম্বর দেওয়ার পর প্রথমে হিসাবে কোনো অর্থ দেখতে পাননি। পরে বিস্তারিত তথ্য যাচাই করতে গিয়ে জানতে পারেন, তাঁর ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থ জমা হয়েছে।
তবে মুহূর্তেই কোটিপতি হয়ে যাওয়ার এই বিস্ময়কর ঘটনা তাঁকে আনন্দিত করতে পারেনি। কারণ, কিছুক্ষণের মধ্যেই ব্যাংক কর্তৃপক্ষ ওই অর্থের ওপর লিয়েন আরোপ করে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
লিয়েন আরোপের অর্থ হলো, নির্দিষ্ট অর্থ উত্তোলন বা ব্যবহারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা। ফলে সমীর শুধু বিপুল অঙ্কের ওই অর্থই নয়, নিজের জমানো টাকাও তুলতে পারছিলেন না। অথচ তাঁর ব্যাংক হিসাবে আগে প্রায় ৫৫ হাজার রুপি জমা ছিল।
এ পরিস্থিতিতে বিষয়টি নিজের নিয়োগকর্তা ধীরজ শর্মাকে জানান সমীর। পরে তাঁরা দুজন সিকারের সাইবার পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করেন। পুলিশ তাঁদের ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়।
বিজ্ঞাপন
ব্যাংকের সঙ্গে যোগাযোগের পর সমীরকে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে তাঁর হিসাবে এমন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। পরে ব্যাংক কর্তৃপক্ষ ত্রুটি সংশোধন করলে হিসাবের প্রকৃত স্থিতি ফিরে আসে। একই সঙ্গে নিজের জমা অর্থ ব্যবহারের জটিলতাও দূর হয়।
ঘটনার বর্ণনা দিয়ে সমীর খান বলেন, ‘আমার অ্যাকাউন্টে আগে প্রায় ৫৫ হাজার রুপি ছিল। পরে জানতে পারি, ১০ হাজার কোটি রুপির ওপর লিয়েন আরোপ করা হয়েছে। নিজের যে টাকা ছিল, সেটাও তুলতে পারছিলাম না। আমি পুলিশের কাছে যাই এবং ব্যাংকের সঙ্গে কথা বলি। পরে সমস্যার সমাধান হয়েছে।’
সমীরের নিয়োগকর্তা ধীরজ শর্মা জানান, জানুয়ারি থেকে তাঁর দোকানে কাজ করছেন সমীর। মাসিক বেতন ১০ হাজার রুপি। ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থের ওপর লিয়েন আরোপের খবর শুনে তিনিও বিস্মিত হন। জীবনে প্রথমবার এমন ঘটনা দেখেছেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








