নদীতে ডুব দিয়ে পানি খাওয়ার পর যমুনাকে ‘দূষণমুক্ত’ বললেন বিজেপি নেতা

ভারতের রাজধানী নয়াদিল্লির যমুনা নদীতে ডুব দিয়ে পানি পান করেছেন বিজেপির সংসদ সদস্য মনোজ তিওয়ারি। নদীর পানি পরিষ্কার হয়েছে দাবি করে তিনি বলেছেন, গত দেড় বছরে বিজেপি সরকারের উদ্যোগে যমুনার দূষণ প্রায় অর্ধেক কমেছে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিল্লির সোনিয়া বিহার ঘাটে নদীতে ডুব দেন উত্তর-পূর্ব দিল্লির এই সংসদ সদস্য। পরে হাতে তুলে নদীর পানিও পান করেন তিনি।
মনোজ তিওয়ারির দাবি, যমুনায় পরিযায়ী পাখির উপস্থিতি পানির মান উন্নত হওয়ার প্রমাণ। তার ভাষ্য, নদীতে কুমির থাকতে পারে, আর কুমির শুধু পরিষ্কার পানিতেই থাকে।
নদী পরিষ্কারে বিজেপি সরকারের উদ্যোগের প্রশংসা করে তিনি আম আদমি পার্টির (এএপি) বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও তোলেন। তিওয়ারির দাবি, যমুনার পানি এখন ছটপূজার জন্য ব্যবহার করা সম্ভব।
বিজ্ঞাপন
তবে পরিবেশগত তথ্য অনুযায়ী, যমুনার কয়েকটি অংশে দূষণের মাত্রা এখনো নির্ধারিত সীমার অনেক ওপরে। ফলে নদী দূষণ নিয়ে চলমান বিতর্কের মধ্যে বিজেপি নেতার এই দাবি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে বিজেপির দিল্লি শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছে, তাদের সরকার দুই বছরে যমুনা পরিষ্কারে যে কাজ করেছে, কংগ্রেস ও এএপি ২৭ বছরেও তা করতে পারেনি। একই সঙ্গে দলটি সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে যমুনায় ডুব দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছে।








