Logo

জোটে ভাঙন: এবার কট্টরপন্থি ইহুদি দলেরও সমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর, ২০২৬, ২২:১২
জোটে ভাঙন: এবার কট্টরপন্থি ইহুদি দলেরও সমর্থন হারাচ্ছেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো জোট একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই বড় রাজনৈতিক ধাক্কার মুখে পড়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর নেতৃত্বাধীন জোট ছেড়ে বিরোধী শিবিরকে সমর্থন দেওয়ার কথা বিবেচনা করছে কট্টরপন্থি ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউটিজে এমন সিদ্ধান্ত নিলে নেতানিয়াহুর সঙ্গে দলটির দীর্ঘদিনের রাজনৈতিক জোট ভেঙে যেতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন সংখ্যালঘু সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে ইউটিজে।

দলটি সরাসরি সরকারে যোগ দেবে না। তবে সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধেও ভোট দেবে না। সংসদে বিভিন্ন প্রস্তাবের ভোটাভুটিতে বিরত থেকে আইজেনকোটের সরকারকে টিকিয়ে রাখতে পারে তারা।

বিজ্ঞাপন

চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ইউটিজের সাতটি আসন বাদ দিলে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা কমে দাঁড়াবে ৪৬-এ। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসন রয়েছে ৪৮টি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে আইজেনকোট ইসলামপন্থি রাআম পার্টির সমর্থন চাইতে পারেন। দলটি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আটটি আসন পাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের মোট আসন ১২০টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের আসনসংখ্যা ৪৮।

বিজ্ঞাপন

আরব মুসলিমদের দুটি দলের সম্মিলিত আসনসংখ্যা ১৯। নেতানিয়াহুর জোটের মধ্যে লিকুদ পার্টি এককভাবে পেয়েছে ২৭টি আসন।

ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়ে জোট ছাড়ার কথা ভাবছে ইউটিজে। দলটির প্রধান দাবি ছিল, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইয়েশিভার শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার আইন পাস করা। কিন্তু নেতানিয়াহু সেই দাবি পূরণ করতে পারেননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ কারণে জোট থেকে সরে গিয়ে আইজেনকোটের সংখ্যালঘু সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করছে দলটি।

বিজ্ঞাপন

ইউটিজের এক সূত্র চ্যানেল ১২-কে বলেন, ‘আমরা নেতানিয়াহুর কাছ থেকে কিছুই পাব না। তার সঙ্গে আমাদের জোটের মেয়াদ শেষ হয়ে গেছে, বিশেষ করে এখন যখন তার কাছে ৬১টি আসন নেই। আমাদের উদ্দেশ্য হল, আবারও নেসেটে একটি শক্তিশালী এবং সিদ্ধান্ত নেওয়ার মতো দল হওয়া।’

ইউটিজে নেতানিয়াহুর জোট থেকে সরে গেলে তাঁর আবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বড় ধরনের সংকটে পড়বে। তবে বিরোধী জোটের সরকার গঠনও নির্ভর করবে অন্যান্য দলের সমর্থন এবং সংসদে ভোটের সমীকরণের ওপর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD