পাকিস্তানের কাছে ভারতের ‘হাঁড়ির খবর’ ফাঁস, গ্রেপ্তার আরও এক সেনা

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে ভারতীয় সেনাবাহিনীসহ বিভিন্ন সামরিক বাহিনীর স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে আরও এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম রাজবীর সিং।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাজবীর সিং ভারতীয় সেনাবাহিনী ও অন্যান্য সামরিক বাহিনীর বিভিন্ন গোপন ও স্পর্শকাতর তথ্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে।
গত ৮ অক্টোবর তাঁর বিরুদ্ধে পাঞ্জাবের ফাজিলকা থানায় মামলা করা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার হাসিমারা এলাকায় ভুটান সীমান্তের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
গ্রেপ্তারের পর শুক্রবার (৩০ অক্টোবর) রাজবীর সিংকে শিলিগুড়ির একটি আদালতে হাজির করা হয়। তাঁকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হয়।
সরকারি কাউন্সেল সৌমিত্রা সিং সরকার আদালতকে জানান, অভিযুক্ত সেনাসদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। শুনানি শেষে আদালত তাঁর দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেন। এ সময়ের মধ্যে তাঁকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১ নভেম্বরের মধ্যে রাজবীর সিংকে ফাজিলকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, তাঁকে যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি ভারত-ভুটান সীমান্তের কাছাকাছি। তবে তিনি সীমান্ত পেরিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।








