মোসাদের সাবেক এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন পরাজিত প্রার্থী

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান ফ্লাভিও বোলসোনারো। এ যাত্রায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তার সহায়তা ছিল বলে জানিয়েছে সিএনএন ব্রাজিল।
বিজ্ঞাপন
গত শুক্রবার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে বোলসোনারোর দেশত্যাগের বিস্তারিত তুলে ধরে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, দুটি ভ্যান ও একটি ব্যক্তিগত উড়োজাহাজ ব্যবহার করে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ফার্নান্দো এবং দুই মেয়ে।
প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার সড়কপথে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় প্রবেশ করেন তাঁরা। এ জন্য ব্যবহার করা হয় তানক্রেদো নেভেস আন্তর্জাতিক সেতু। সেতুটি ব্রাজিলের ফোজ দো ইগাসু শহরের সঙ্গে আর্জেন্টিনার পুয়ের্তো ইগাজুকে যুক্ত করেছে।
সিসিটিভি ফুটেজে দুটি ভ্যানকে সীমান্ত অতিক্রম করতে দেখা গেছে। এর একটি চালাচ্ছিলেন ফোজ দো ইগাসুর সাবেক এক কাউন্সিলর, অন্যটি তাঁর ছেলে। পুরো যাত্রাপথে তাঁদের সঙ্গে ছিলেন মোসাদের সাবেক ওই কর্মকর্তা।
বিজ্ঞাপন
সিএনএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, গত ১৯ অক্টোবর ব্রাজিলে পৌঁছান ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তা। পরে ফ্লাভিওর সঙ্গে একই ভ্যানে করে তিনি আর্জেন্টিনায় যান। তবে এ অভিযানে তাঁর সুনির্দিষ্ট ভূমিকা কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আর্জেন্টিনার পুয়ের্তো ইগাজু থেকে বেসরকারি প্রতিষ্ঠান বেয়ার্স ফ্লাইয়ের একটি গালফস্ট্রিম জি৪৪০ ব্যক্তিগত উড়োজাহাজে ইকুয়েডরের গুয়াকিল শহরে যান তাঁরা। সেখান থেকে বুধবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে পৌঁছান।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বোলসোনারোর দেশত্যাগের পুরো পরিকল্পনার নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন আলবা’। নির্বাচনের আগেই এ পরিকল্পনা তৈরি করা হয় বলে সিএনএন ব্রাজিলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ব্রাজিলের তদন্তকারীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সম্ভাব্য লজিস্টিক সহায়তার বিষয়টিও খতিয়ে দেখছেন। তবে কোনো দেশের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি।
নির্বাচনে পরাজয়ের পর ব্রাজিলের সুপ্রিম কোর্ট বোলসোনারোকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলাও রয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: সিএনএন ব্রাজিল








