Logo

প্রথম দুই বছর নেতানিয়াহু, পরে ক্ষমতা পাবেন আইজেনকোট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর, ২০২৬, ১২:২৭
প্রথম দুই বছর নেতানিয়াহু, পরে ক্ষমতা পাবেন আইজেনকোট
ছবি: সংগৃহীত

ইসরায়েলে সরকার গঠন নিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের খবর সামনে এসেছে। প্রস্তাবিত একটি ক্ষমতা ভাগাভাগির চুক্তি অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর রাজনীতি থেকে অবসর নেওয়া এবং চলমান দুর্নীতি মামলায় পূর্ণাঙ্গ ক্ষমা পাওয়ার শর্তে বিরোধী নেতা গাডি আইজেনকোটের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা রয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-এর বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এই ক্ষমতা ভাগাভাগির প্রস্তাবটি এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। মঙ্গলবারের অনিশ্চিত সংসদীয় নির্বাচনের পর সরকার গঠনের জটিলতা কাটাতে এমন উদ্যোগ নেওয়া হতে পারে।

চ্যানেল ১৪-এর দাবি, নির্বাচনী প্রচারণা ও ফলাফল ঘোষণার অনেক আগে থেকেই গত দুই বছর ধরে প্রেসিডেন্ট এই ধরনের একটি সমঝোতার প্রস্তাব দিয়ে আসছেন। নির্বাচনে দলগুলোর আসনসংখ্যার বর্তমান চিত্র অপরিবর্তিত থাকলে এটি সরকার গঠনের একটি সম্ভাব্য পথ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ অব্যাহত রাখার স্বার্থে নেতানিয়াহু প্রথম দুই বছর ক্ষমতায় থাকতে চাইবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে এমন কোনো উদ্যোগের সঙ্গে সম্পৃক্ততার কথা সরাসরি অস্বীকার করেছে ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয়। প্রতিবেদনটিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ আখ্যা দিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি কখনোই ঘটেনি। সরকার গঠনের দায়িত্ব অর্পণের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনো অনুমানের সঙ্গে আমরা যুক্ত নই।’

এদিকে বুধবার সন্ধ্যায় প্রকাশিত প্রাথমিক নির্বাচনী ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে ইয়াশার পার্টির নেতা গাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে গেছে ৪৮টি আসন। চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি ও আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

বিজ্ঞাপন

ইসরায়েলের ১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। কিন্তু প্রাথমিক ফলাফলে কোনো জোটই এককভাবে এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এখনো সৈনিক, বন্দি, কূটনীতিক ও চিকিৎসাধীন ভোটারদের বিশেষ ভোট গণনা বাকি রয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ। ২০২২ সালের নির্বাচনের তুলনায় এই হার ৭ দশমিক ১ শতাংশ বেশি। ১৯৯৯ সালের পর এটিই দেশটিতে সর্বোচ্চ ভোটার উপস্থিতি।

উল্লেখ্য, বেনিয়ামিন নেতানিয়াহু ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দীর্ঘদিন ধরে দুর্নীতির মামলার মুখোমুখি। এ ছাড়া গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০২২ সালের শেষ দিক থেকে তিনি ইসরায়েলের ইতিহাসের অন্যতম চরম ডানপন্থী সরকারের নেতৃত্ব দিয়ে আসছেন।

বিজ্ঞাপন

সূত্র: মিডল ইস্ট আই।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD