ট্রাম্পের প্রার্থীকে হারিয়ে দুই মুসলিম নারীর টানা পঞ্চম জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে টানা পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির দুই মুসলিম নারী রাজনীতিক রাশিদা তলাইব ও ইলহান ওমর। মঙ্গলবারের নির্বাচনে নিজ নিজ আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে বিজয় ধরে রেখেছেন তাঁরা।
বিজ্ঞাপন
মিশিগানের ১২ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী জেমস ডি হুপারকে হারিয়েছেন রাশিদা তলাইব। অন্যদিকে মিনেসোটার ৫ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে জন নাগেলকে পরাজিত করে পুনর্নির্বাচিত হয়েছেন ইলহান ওমর।
ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার তলাইব
মিশিগানের যে অঞ্চলের প্রতিনিধিত্ব করেন রাশিদা তলাইব, তার মধ্যে ডেট্রয়েট ও আশপাশের এলাকাগুলো রয়েছে। মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী তিনি। ফিলিস্তিনিদের অধিকার এবং ইসরায়েল বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় বরাবরই সরব ভূমিকা রেখেছেন এই ডেমোক্র্যাট আইনপ্রণেতা।
বিজ্ঞাপন
দলটির প্রগতিশীল অংশের গুরুত্বপূর্ণ সদস্য তলাইব গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ইসরায়েল সরকারের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কঠোর সমালোচনা করেছেন। তাঁর এই অবস্থান মার্কিন পররাষ্ট্রনীতি ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ আলোচনায় তাঁকে প্রভাবশালী করে তুলেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত বছরের অক্টোবরে গাজায় পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজব হত্যার ঘটনায় অভিযুক্ত এক ইসরায়েলি সামরিক কমান্ডারের গ্রেপ্তার ও তদন্তের দাবি জানিয়েছিলেন তলাইব। তাঁর বক্তব্য ছিল, সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত করা যুক্তরাষ্ট্রের আইনি বাধ্যবাধকতা।
ইসরায়েল সরকারের কঠোর সমালোচনা করায় তাঁকে রাজনৈতিক বিতর্কের মুখেও পড়তে হয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে মন্তব্যের জেরে ২০২৩ সালে প্রতিনিধি পরিষদে তাঁর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়।
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং ইসরায়েলের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যে তলাইবের পুনর্নির্বাচন কংগ্রেসে ফিলিস্তিনি-আমেরিকানদের প্রতিনিধিত্ব আরও এক মেয়াদের জন্য নিশ্চিত করল।
শরণার্থী থেকে কংগ্রেস সদস্য ইলহান ওমর
সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ২০১৯ সাল থেকে তিনি মিনেসোটার ৫ নম্বর কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। তাঁর নির্বাচনী এলাকার মধ্যে মিনিয়াপোলিস ও আশপাশের অঞ্চল রয়েছে।
বিজ্ঞাপন
অভিবাসীদের অধিকার এবং প্রগতিশীল নীতির পক্ষে সোচ্চার ওমর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেও তাঁকে বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে। ট্রাম্প বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে অভিবাসনবিরোধী বক্তব্য দিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিবাসনসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তদন্তের মুখে পড়ার মধ্যেই নির্বাচনে জয় পেলেন ওমর। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন তিনি।
কংগ্রেসে প্রগতিশীলদের অবস্থান আরও শক্তিশালী
বিজ্ঞাপন
রাশিদা তলাইব ও ইলহান ওমর—দুজনই ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ধারার গুরুত্বপূর্ণ মুখ। অভিবাসন, পররাষ্ট্রনীতি, নাগরিক অধিকার ও সামাজিক নিরাপত্তার মতো বিষয়ে প্রতিনিধি পরিষদে তাঁদের সক্রিয় ভূমিকা রয়েছে।
মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারিত হচ্ছে। এই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসন নিশ্চিত করতে হবে। সূত্র: এএফপি ও রয়টার্স।








