বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নার কারা

বিশ্বের ধনকুবেরদের তালিকায় জায়গা করে নেওয়ার ক্ষেত্রে বয়স এখন আর বড় বাধা নয়। ফোর্বসের সর্বশেষ রিয়েল-টাইম তালিকা অনুযায়ী, বিশ্বে ৩০ বছরের কম বয়সী বিলিয়নারের সংখ্যা ৩৫ জন। তাঁদের মধ্যে কেউ পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী হয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন, আবার কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেই গড়ে তুলেছেন শত কোটি ডলারের ব্যবসা।
বিজ্ঞাপন
বিশ্বের আলোচিত এমন পাঁচ তরুণ বিলিয়নারের পরিচয় তুলে ধরা হলো।
১. অ্যামেলি ভয়ট ত্রেজেস (ব্রাজিল)
মাত্র ২০ বছর বয়সেই বিশ্বের সর্বকনিষ্ঠ নারী বিলিয়নার হিসেবে পরিচিতি পেয়েছেন ব্রাজিলের অ্যামেলি ভয়ট ত্রেজেস। দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ বৈদ্যুতিক সরঞ্জাম ও মোটর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডব্লিউইজি-এর পারিবারিক শেয়ারের উত্তরাধিকারী তিনি।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রমে সরাসরি যুক্ত না থাকলেও পারিবারিক ব্যবসায়িক অংশীদারিত্বের সুবাদে তাঁর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার।
২. ইয়োহানেস ফন বাউম্বাখ (জার্মানি)
মাত্র ২০ বছর বয়সেই প্রায় ৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক হয়েছেন জার্মানির ইয়োহানেস ফন বাউম্বাখ। বিশ্বখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোহরিংগার ইনগেলহাইমের উত্তরাধিকারী তিনি।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে পাওয়া বিশাল ফার্মাসিউটিক্যাল ব্যবসার অংশীদারিত্ব তাঁকে বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নারদের তালিকার শীর্ষস্থানীয়দের একজন করে তুলেছে।
৩. ক্লেন্তে দেল ভেক্কিও (ইতালি)
মাত্র ২১ বছর বয়সেই প্রায় ৬ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক হয়েছেন ইতালির ক্লেন্তে দেল ভেক্কিও। জনপ্রিয় চশমার ব্র্যান্ড রে-ব্যান ও ওকলির মূল প্রতিষ্ঠান এসিলরলুক্সোটিকার বড় অংশের উত্তরাধিকারী তিনি।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে সরাসরি যুক্ত না থাকলেও পারিবারিক সূত্রে পাওয়া বিপুল শেয়ার তাঁকে বিশ্বের অন্যতম ধনী তরুণের পরিচিতি এনে দিয়েছে।
৪. সুরিয়া মিধা (যুক্তরাষ্ট্র)
পারিবারিক উত্তরাধিকারের বাইরে নিজের উদ্যোগে বিলিয়নার হওয়ার বিরল দৃষ্টান্ত গড়েছেন ২২ বছর বয়সী সুরিয়া মিধা। এআইভিত্তিক নিয়োগ প্রযুক্তির স্টার্টআপ ‘মারকোর’ প্রতিষ্ঠার মাধ্যমে প্রযুক্তি দুনিয়ায় আলোচনায় আসেন তিনি।
বিজ্ঞাপন
নিজের মেধা ও উদ্যোক্তা উদ্যোগে গড়ে তোলা এই প্রতিষ্ঠানের সুবাদে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। মার্ক জাকারবার্গের আগের রেকর্ড ছাড়িয়ে সর্বকনিষ্ঠ সেলফ-মেড বিলিয়নার হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি।
৫. ব্রেন্ডন ফুডি (যুক্তরাষ্ট্র)
এআই প্রযুক্তিকে ব্যবসায়িক সাফল্যে রূপ দেওয়া আরেক তরুণ উদ্যোক্তা ব্রেন্ডন ফুডি। ২২ বছর বয়সেই প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সুরিয়া মিধার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার ব্রেন্ডন যৌথভাবে এআইভিত্তিক নিয়োগ প্ল্যাটফর্ম ‘মারকোর’ গড়ে তোলেন। আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে তাঁদের এই উদ্যোগ দ্রুত সাফল্য অর্জন করে।
উত্তরাধিকার ও প্রযুক্তি—দুই পথেই বিলিয়নার
বিশ্বের তরুণ বিলিয়নারদের এই তালিকায় পারিবারিক সম্পদের পাশাপাশি প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হওয়ার প্রবণতাও স্পষ্ট। কেউ প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা ব্যবসায়িক সাম্রাজ্যের অংশীদার হয়ে ধনকুবের হয়েছেন, আবার কেউ নতুন প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে অল্প বয়সেই বিলিয়ন ডলারের সম্পদ গড়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: ফোর্বস








