Logo

স্বামী ও স্বজনদের হাতে এক বছরে নিহত ৪৭ হাজার নারী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ১৩:৪২
স্বামী ও স্বজনদের হাতে এক বছরে নিহত ৪৭ হাজার নারী
ছবি : এআই দিয়ে তৈরি

বিশ্বজুড়ে নারী ও কিশোরীদের জন্য সবচেয়ে অনিরাপদ জায়গাগুলোর একটি হয়ে উঠেছে নিজেদের পরিবার ও ঘনিষ্ঠ সম্পর্কের পরিসর। ২০২৫ সালে স্বামী, প্রেমিক কিংবা পরিবারের অন্য সদস্যদের হাতে ৪৭ হাজারের বেশি নারী ও কিশোরী হত্যার শিকার হয়েছেন। গড়ে প্রতি ঘণ্টায় প্রায় পাঁচজন নারী প্রাণ হারিয়েছেন স্বজনদের হাতে।

বিজ্ঞাপন

জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসির যৌথ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে ২০২৫ সালের বিশ্বব্যাপী নারী হত্যার পরিসংখ্যান বিশ্লেষণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে ইচ্ছাকৃত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় ৭৮ হাজার নারী ও কিশোরী। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশকে হত্যা করেছেন স্বামী, প্রেমিক, অন্তরঙ্গ সঙ্গী অথবা পরিবারের সদস্যরা। অর্থাৎ নারীদের হত্যার বড় একটি অংশ ঘটেছে তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক পরিসরের মধ্যেই।

জাতিসংঘের দুই সংস্থার পরিসংখ্যানে দেখা যায়, গত কয়েক বছর ধরে ঘনিষ্ঠ সঙ্গী ও পরিবারের সদস্যদের হাতে নিহত নারী ও কিশোরীর সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে রয়েছে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালেও পরিস্থিতির উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি।

বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য পর্যালোচনা করে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর পরিবারের সদস্য ও অন্তরঙ্গ সঙ্গীদের হাতে নিহত ৪৭ হাজার নারী ও কিশোরীর হিসাবে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন ১২৯ জন।

নারী-পুরুষের হত্যাকাণ্ডের ক্ষেত্রেও পারিবারিক পরিসরে সহিংসতার একটি স্পষ্ট পার্থক্য দেখা গেছে। ২০২৫ সালে বিশ্বব্যাপী হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে ১৯ শতাংশ ছিলেন নারী। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নিহত হয়েছেন ব্যক্তিগত কিংবা পারিবারিক পরিমণ্ডলে। অন্যদিকে হত্যার শিকার পুরুষদের ক্ষেত্রে একই পরিসরে হত্যার হার ছিল ১১ শতাংশ।

মহাদেশভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৫ সালে স্বামী, প্রেমিক ও পরিবারের সদস্যদের হাতে নারী হত্যার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে আফ্রিকায়। এ মহাদেশে এমন হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ২২ হাজার ১০০।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী সামগ্রিক হত্যাকাণ্ডের সংখ্যা কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যার হার বা ফেমিসাইড কমছে তুলনামূলক ধীরগতিতে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপ অঞ্চলে এই প্রবণতা উদ্বেগজনক।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, “এটি ইঙ্গিত দেয় যে এই অপরাধগুলোর শিকড় সামাজিক প্রথা ও লিঙ্গভিত্তিক গৎবাঁধা ধারণার (জেন্ডার স্টেরিওটাইপ) গভীরে প্রোথিত”।

প্রতিবেদনে আরও গুরুত্ব দিয়ে বলা হয়েছে, “পারিবারিক সহিংসতা প্রতিরোধের ক্ষেত্রে কেবল অন্তরঙ্গ সঙ্গীর সঙ্গে সম্পর্কের বিষয়টিই নয়, বরং বৃহত্তর পারিবারিক কাঠামোর মধ্যকার সম্পর্কগুলোকেও বিবেচনায় নেওয়া অত্যন্ত জরুরি।”

ফেমিসাইড বলতে নারী ও মেয়েশিশুদের লিঙ্গপরিচয়ের কারণে সংঘটিত হত্যাকাণ্ডকে বোঝানো হয়। স্বামী, প্রেমিক কিংবা পরিবারের সদস্যদের হাতে হত্যার পাশাপাশি সংগঠিত অপরাধ, জোরপূর্বক শ্রম ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু হত্যাকাণ্ডও এই সংজ্ঞার আওতায় পড়ে।

তবে পারিবারিক বা ব্যক্তিগত পরিসরের বাইরে সংঘটিত ফেমিসাইডের নির্ভরযোগ্য তথ্য এখনো পর্যাপ্ত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তথ্যের এই ঘাটতির কারণে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে নারী হত্যার প্রকৃত ব্যাপ্তি নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

সূত্র: এএফপি, জিও টিভি

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD