ইন্দোনেশিয়ায় স্বর্ণখনিতে ভয়াবহ বন্যা, নিহত ১৩ শ্রমিক

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বোগোর অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে একটি ভূগর্ভস্থ স্বর্ণখনিতে বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ১৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় খনির ভেতরে আটকা পড়েছেন আরও ১৩ জন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
বিজ্ঞাপন
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৫ নভেম্বর) ভারী বৃষ্টির সময় ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩২৮ ফুট বা ১০০ মিটার গভীরে অবস্থিত খনিটিতে ২৬ জন শ্রমিক কাজ করছিলেন। বৃষ্টির পানি ঢুকে খনিটি প্লাবিত হলে তাঁরা বিপদের মুখে পড়েন। পরে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ। বাকি ১৩ জন এখনো খনির ভেতরে আটকা রয়েছেন।
বোগোর প্রশাসনিকভাবে পশ্চিম জাভা প্রদেশের অন্তর্ভুক্ত। তবে ভৌগোলিক অবস্থানের দিক থেকে অঞ্চলটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছাকাছি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত স্বর্ণখনিটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। খনিটির মালিকপক্ষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে স্বর্ণ উত্তোলনের অনুমতি নেয়নি এবং খনিটির কার্যক্রম সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে অবহিত করেনি।
আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে বুধবার থেকেই দমকল বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। তবে খনির ভেতরের পরিবেশ অত্যন্ত প্রতিকূল। সরু, পিচ্ছিল ও অন্ধকার সুড়ঙ্গের কারণে উদ্ধারকর্মীদের চলাচল এবং শ্রমিকদের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
পশ্চিম জাভা প্রাদেশিক ফায়ার সার্ভিসের অনুসন্ধান ও উদ্ধার বিভাগ জানিয়েছে, তাদের কর্মীরা খনির দুটি সুড়ঙ্গে বিশেষভাবে অভিযান পরিচালনা করছেন। ভেতরে প্রবেশের জন্য ব্যবহার করা হচ্ছে দড়ি। তবে প্রায় ১০০ মিটার গভীরতায় অবস্থান করায় উদ্ধার অভিযান আরও জটিল হয়ে উঠেছে।
পশ্চিম জাভার পুলিশ প্রধান হেংকি রয়টার্সকে জানিয়েছেন, নিহত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবারও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
ইন্দোনেশিয়ায় ছোট পরিসরে পরিচালিত অবৈধ খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এসব খনির বেশির ভাগ দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে নিয়মিত নজরদারি করা কঠিন হয়ে পড়ে। ফলে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি ও প্রাকৃতিক দুর্যোগে শ্রমিকদের প্রাণহানির ঝুঁকি তৈরি হয়।
পশ্চিম জাভার স্থানীয় সংবাদমাধ্যম দেতিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতেও একই এলাকায় একটি অবৈধ স্বর্ণখনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছিল।
সূত্র: রয়টার্স








