Logo

৮৯ বছর পর খোলা হচ্ছে জগদীশ চন্দ্র বসুর রহস্যময় সিন্দুক

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ১৪:১৪
৮৯ বছর পর খোলা হচ্ছে জগদীশ চন্দ্র বসুর রহস্যময় সিন্দুক
ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর ব্যবহৃত একটি রহস্যময় লোহার সিন্দুক দীর্ঘ ৮৯ বছর ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। এবার সেই সিন্দুক খোলার আইনি অনুমতি দিয়েছে ভারতের ঝাড়খন্ড হাইকোর্ট। ফলে প্রায় নয় দশক ধরে ঘিরে থাকা রহস্যের অবসান ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে। সিন্দুকের ভেতরে কী রয়েছে, তা জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিজ্ঞানী, ইতিহাসবিদ ও সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডিতে অবস্থিত জগদীশ চন্দ্র বসুর স্মৃতিবিজড়িত ‘শান্তি নিবাস’ ভবনে রয়েছে সিন্দুকটি। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, এর ভেতরে কী সংরক্ষিত রয়েছে, তা খুঁজে দেখার সময় এসেছে। বিষয়টি শুধু বিজ্ঞানীদের জন্য নয়, বরং সমগ্র মানবজাতির জ্ঞান ও ঐতিহাসিক ঐতিহ্যের স্বার্থেও গুরুত্বপূর্ণ।

গত ১৮ নভেম্বর ঝাড়খন্ড হাইকোর্টের বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ও বিচারপতি রাম শর্মার ডিভিশন বেঞ্চ স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে সিন্দুকটি খোলার বিষয়ে সম্মতি জানান। একই সঙ্গে শান্তি নিবাস ভবনের যথাযথ সংস্কার ও ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে হলফনামাও জমা দিতে বলা হয়েছে।

জগদীশ চন্দ্র বসু ১৯৩৭ সালের ২৩ নভেম্বর গিরিডির শান্তি নিবাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পর বাড়িতে থাকা লোহার সিন্দুকটি খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ অনুসন্ধান করেও এর চাবি পাওয়া যায়নি। এরপর থেকে সিন্দুকটি আর খোলা সম্ভব হয়নি।

প্রায় তিন ফুট লম্বা ও দুই ফুট চওড়া পাঁচ নম্বরি লোহার সিন্দুকটি নিয়ে কয়েক দশক ধরে নানা কৌতূহল রয়েছে। ধারণা করা হয়, এর ভেতরে বিজ্ঞানীর গবেষণার গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যক্তিগত দলিল কিংবা বিজ্ঞানের ইতিহাসের জন্য মূল্যবান কোনো উপকরণ থাকতে পারে। তবে এসব ধারণার সত্যতা এখনো নিশ্চিত নয়।

সিন্দুকটি খোলার উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। ২০০২ সালে গিরিডির জেলা প্রশাসন এ বিষয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছিল। ভারতের বিশিষ্ট বিজ্ঞানী ও তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের উপস্থিতিতে সিন্দুকটি খোলার প্রস্তুতিও নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্রপতি কালামের গিরিডি সফর সম্ভব না হওয়ায় পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি।

পরবর্তী সময়েও রাষ্ট্রপতির উপস্থিতিতে সিন্দুক খোলার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সেসব প্রচেষ্টাও সফল হয়নি। এদিকে স্থানীয় বিজ্ঞানমনস্ক মানুষ ও বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে সিন্দুকটি খোলার পাশাপাশি শান্তি নিবাসের ঐতিহাসিক গুরুত্ব রক্ষার দাবি জানিয়ে আসছিলেন।

জগদীশ চন্দ্র বসুর স্মৃতিবিজড়িত শান্তি নিবাস

জীবনের শেষ পর্যায়ে গিরিডির শান্তি নিবাসে অবস্থান করেই বিজ্ঞানচর্চা চালিয়ে গেছেন জগদীশ চন্দ্র বসু। স্বাস্থ্যগত সমস্যা ও আবহাওয়ার পরিবর্তনের প্রয়োজনে তিনি নিয়মিত এই এলাকায় আসতেন। বিশেষ করে ১৯৩০ সালের পর থেকে পূজার ছুটিতে প্রায়ই বাড়িটিতে সময় কাটাতেন তিনি।

প্রায় চার একর জমির ওপর নির্মিত শান্তি নিবাসের মূল মালিক ছিলেন জগদীশ চন্দ্র বসুর পিসতুতো দাদা অমৃত নাথ মিত্র। তিনি জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তী সময়ে অমৃত নাথ মিত্রের স্ত্রী মধুরিমা মিত্র বাড়িটি বিহার মাইকা এক্সপোর্টস অ্যাসোসিয়েশনের কাছে বিক্রি করেন। পরবর্তীকালে আশপাশের জমি বিক্রি হলেও মূল ভবনটি অক্ষত ছিল।

১৯৯৭ সালে তৎকালীন বিহার সরকার ভবনটি অধিগ্রহণ করে। ২০০০ সালের ১৫ নভেম্বর বিহার থেকে পৃথক হয়ে ঝাড়খন্ড রাজ্য গঠিত হলে শান্তি নিবাসও নতুন রাজ্যের অধীনে চলে আসে। বর্তমানে ভবনটি জগদীশ চন্দ্র বসু স্মারক বিজ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত। এর একটি অংশে প্রতিষ্ঠা করা হয়েছে জাদুঘর।

আদালতের সিদ্ধান্তে আশাবাদী স্থানীয় সংগঠন

গিরিডিতে প্রতিষ্ঠিত স্যার জগদীশ চন্দ্র বসু মেমোরিয়াল সোসাইটির সম্পাদক রীতেশ শরাফ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

তিনি জানান, প্রায় ২০ বছর ধরে তারা শান্তি নিবাসের ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষণের জন্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আবেদন করে আসছেন। অবশেষে সিন্দুক খোলার অনুমতি পাওয়ায় তারা আনন্দিত। এর ফলে গিরিডির শিক্ষার্থী, গবেষক, বিজ্ঞানী ও বিজ্ঞানপ্রেমীদের সামনে দীর্ঘদিনের অজানা ইতিহাস উন্মোচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশের সঙ্গে জগদীশ চন্দ্র বসুর শিকড়

১৮৫৮ সালের ৩০ নভেম্বর তৎকালীন অবিভক্ত বাংলার ময়মনসিংহে জন্মগ্রহণ করেন আচার্য জগদীশ চন্দ্র বসু। তার বাবা ভগবান চন্দ্র বসু তখন সেখানে কর্মরত ছিলেন। তাদের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। ফরিদপুরে শুরু হয়েছিল তার প্রাথমিক শিক্ষাজীবন।

বেতার তরঙ্গ, উদ্ভিদবিদ্যা এবং উদ্ভিদের সংবেদনশীলতা নিয়ে তার গবেষণা বিশ্ববিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষ করে উদ্ভিদের উদ্দীপনায় সাড়া দেওয়ার বিষয়টি বৈজ্ঞানিকভাবে তুলে ধরার ক্ষেত্রে তার গবেষণা উল্লেখযোগ্য অবদান রেখেছে।

দীর্ঘ ৮৯ বছর ধরে বন্ধ থাকা সিন্দুকটি খোলার আইনি অনুমতি পাওয়ায় নতুন করে আলোচনায় এসেছে এই মহান বিজ্ঞানীর জীবন ও গবেষণার ইতিহাস। এর ভেতরে সত্যিই কি রয়েছে অমূল্য গবেষণাপত্র, ব্যক্তিগত নথি কিংবা হারিয়ে যাওয়া কোনো ঐতিহাসিক সম্পদ, নাকি অপেক্ষা করছে সম্পূর্ণ ভিন্ন কোনো আবিষ্কার—সেই প্রশ্নের উত্তর মিলবে সিন্দুক খোলার পরই।

জেবি/এএস
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD