বিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু করল মালদ্বীপ

বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও নির্বিঘ্ন করতে স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) ব্যবস্থা চালু করেছে মালদ্বীপ। গত ২৪ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন এই ব্যবস্থায় পর্যটকদের পাসপোর্টে প্রচলিত ভিসার সিল দেওয়ার পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ভিসার তথ্য সরবরাহ করা হচ্ছে।
বিজ্ঞাপন
একই দিনে দেশটির প্রধান বিমানবন্দর ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আন্তর্জাতিক পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ গেট বা ই-গেটও চালু করা হয়েছে। মালদ্বীপ সরকারের ‘মালদ্বীপ ২.০’ কর্মসূচির আওতায় সরকারি সেবার আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে উদ্যোগ দুটি নেওয়া হয়েছে।
মালদ্বীপ ইমিগ্রেশনের ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, পর্যটকদের ভিসার যাবতীয় তথ্য তাঁদের দেওয়া ই-মেইল ঠিকানায় পাঠানো হবে। এ জন্য আইএমইউজিএ (IMUGA) পোর্টালে ট্রাভেলার ডিক্লারেশন ফরম পূরণের সময় সঠিক ই-মেইল ঠিকানা দেওয়া জরুরি।
কর্তৃপক্ষ ভ্রমণকারীদের ফরম জমা দেওয়ার আগে ই-মেইল ঠিকানা ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছে। যেসব শিশু ও বয়স্ক পর্যটকের নিজস্ব ই-মেইল ঠিকানা নেই, তাঁরা সঙ্গে থাকা পরিবারের সদস্যের ই-মেইল ঠিকানা ব্যবহার করতে পারবেন।
পর্যটকেরা মালদ্বীপ ইমিগ্রেশনের ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো সময় নিজেদের ভিসার বৈধতা এবং অনুমোদিত অবস্থানের মেয়াদ যাচাই করতে পারবেন। এ জন্য জাতীয়তা, পাসপোর্ট নম্বর ও জন্মতারিখ প্রদান করতে হবে। কোনো পর্যটক মালদ্বীপ ত্যাগ করলে তাঁর ইলেকট্রনিক ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
আগাম ভিসার আবেদন করতে হবে না
নতুন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো, মালদ্বীপ ভ্রমণের আগে পর্যটকদের আলাদাভাবে ই-ভিসার আবেদন করতে হবে না। দেশটিতে পৌঁছানোর পর বিদ্যমান নিয়ম অনুযায়ী পর্যটন ভিসা দেওয়া হবে।
প্রবেশের শর্ত পূরণ করলে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকেরা সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত বিনা মূল্যে পর্যটন ভিসা পাবেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকরাও এই সুবিধার আওতাভুক্ত।
তবে ভ্রমণকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। তাঁদের বৈধ পাসপোর্ট, দেশে ফেরার অথবা পরবর্তী গন্তব্যের নিশ্চিত টিকিট এবং হোটেল বুকিংসহ আবাসনের প্রমাণ থাকতে হবে। পাশাপাশি পর্যাপ্ত অর্থের সংস্থান অথবা অনুমোদিত স্পনসরশিপের ব্যবস্থা দেখাতে হবে।
এ ছাড়া মালদ্বীপে পৌঁছানোর আগে ইলেকট্রনিক ট্রাভেলার ডিক্লারেশন ফরম পূরণ বাধ্যতামূলক। যাত্রার ৯৬ ঘণ্টার মধ্যে অফিসিয়াল IMUGA পোর্টালের মাধ্যমে বিনা মূল্যে ফরমটি জমা দিতে হবে। শিশুদের ক্ষেত্রেও আলাদা ঘোষণা ফরম পূরণ করতে হবে। প্রয়োজন অনুযায়ী হলুদ জ্বরের টিকার সনদও সঙ্গে রাখতে হবে।
৪৬ দেশের পর্যটকদের জন্য ই-গেট সুবিধা
ডিজিটাল ভিসার পাশাপাশি আন্তর্জাতিক যাত্রীদের অভিবাসন প্রক্রিয়া দ্রুত করতে স্বয়ংক্রিয় ই-গেট ব্যবস্থার পরিধিও বাড়িয়েছে মালদ্বীপ।
আগে এই সুবিধা মূলত মালদ্বীপের বায়োমেট্রিক পাসপোর্টধারীদের জন্য সীমাবদ্ধ ছিল। এখন নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে বিদেশি পর্যটকেরাও ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে এ সুবিধা নিতে পারবেন।
বিমানবন্দরটিতে মোট ৩৫টি স্বয়ংক্রিয় গেট স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২০টি আগমন এলাকায় এবং বাকি ১৫টি বহির্গমন এলাকায় রয়েছে।
প্রাথমিক পর্যায়ে ৩১টি অংশগ্রহণকারী এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণকারী ৪৬টি দেশের বায়োমেট্রিক পাসপোর্টধারীরা এই সুবিধা পাবেন। তবে এ ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
মালদ্বীপ ইমিগ্রেশনের ১৬ নভেম্বর ২০২৬ তারিখের একটি বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্থানীয় ট্যুর অপারেটর ‘লেটস গো মালদ্বীপস’ জানিয়েছে, যোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, চীন, জাপান, কুয়েত, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, কাতার, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যদেশও তালিকায় রয়েছে।
ই-গেট ব্যবস্থায় পাসপোর্টের চিপে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্যের সঙ্গে যাত্রীর পরিচয় মিলিয়ে দেখা হয়। এ কাজে মুখমণ্ডল শনাক্তকরণ ও আইরিস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মালদ্বীপ ইমিগ্রেশনের দাবি, এই প্রযুক্তির মাধ্যমে যোগ্য পর্যটকেরা মাত্র ছয় থেকে সাত সেকেন্ডের মধ্যে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন প্রযুক্তি চালুর ফলে বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষার সময় কমবে এবং পর্যটকদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষ করে পর্যটনের ব্যস্ত মৌসুমে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২৫ সাল থেকে মালদ্বীপ পর্যায়ক্রমে ভিসা ব্যবস্থার ডিজিটাল রূপান্তরের কাজ শুরু করে। সেই ধারাবাহিকতায় এবার স্বয়ংক্রিয় ই-ভিসা ও ই-গেট চালুর মাধ্যমে দেশটির পর্যটনসেবায় নতুন মাত্রা যুক্ত হলো।








