৩৬ বছর পর গণকবরে মিলল মুসলিম হত্যাকাণ্ডের সূত্র

শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর হাতে নিহত শত শত মুসলিমের পরিণতি নিয়ে দীর্ঘদিনের রহস্য নতুন করে আলোচনায় এসেছে। ঘটনার ৩৬ বছর পর দেশটির পূর্বাঞ্চলের কুরুক্কালমাডাম এলাকায় একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে কঙ্কাল উদ্ধারের পর নিখোঁজ স্বজনদের পরিচয় শনাক্তের আশায় নতুন করে অপেক্ষা শুরু করেছেন বহু পরিবার।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আদালতের নির্দেশে পরিচালিত প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে গণকবরটি থেকে মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা দেহাবশেষে আঘাত ও কাটার চিহ্ন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন সেগুলোর পরিচয় শনাক্ত করার পাশাপাশি কীভাবে এসব মানুষের মৃত্যু হয়েছিল, তা অনুসন্ধান করছেন সংশ্লিষ্টরা।
এই অনুসন্ধান ঘিরে আশার আলো দেখছেন ৬০ বছর বয়সী ফৌজুল হিনায়া। ৩৬ বছর ধরে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধানে অপেক্ষা করছেন তিনি। তার ভাই ফৌজুল আমির ১৯৯০ সালের জুলাইয়ে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে কুরুক্কালমাডামের কাছাকাছি এলাকায় আটক হন। পরে তাকে হত্যা করা হয় বলে পরিবারের দাবি। এর কয়েক দিন পর তার আরেক ভাই আবদুর রউফ অপহৃত হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

দীর্ঘ অপেক্ষার পর গণকবরের সন্ধান পাওয়ায় হিনায়ার মনে নতুন করে আশা তৈরি হয়েছে। তিনি চান, উদ্ধার হওয়া কঙ্কালের মধ্যে তার ভাইদের দেহাবশেষ থাকলে সেগুলো শনাক্ত করে মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের ব্যবস্থা করতে পারবেন।
১৯৯০ সালে মুসলিমদের ওপর ভয়াবহ হামলা
শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় ১৯৯০ সালে দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপর একাধিক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। ওই বছরের কাত্তানকুডি ও এরাভুর এলাকার দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই। এসব হত্যাকাণ্ড শ্রীলঙ্কার ইতিহাসে মুসলিম সম্প্রদায়ের ওপর সংঘটিত ভয়াবহ সহিংসতার অন্যতম ঘটনা হিসেবে বিবেচিত।

একই বছরের অক্টোবরে উত্তর শ্রীলঙ্কা থেকে প্রায় ৭৫ হাজার থেকে এক লাখ মুসলিমকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়। নিজেদের বসতবাড়ি ও সম্পত্তি ছেড়ে তাদের এলাকা ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এর ফলে হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়ে এবং দীর্ঘদিন ধরে নিজস্ব ভিটেমাটি থেকে বিচ্ছিন্ন জীবন কাটাতে বাধ্য হয়।
যুদ্ধ শেষ হলেও শেষ হয়নি স্বজনদের অপেক্ষা
২০০৯ সালে শ্রীলঙ্কার দীর্ঘ গৃহযুদ্ধের অবসান ঘটে। কিন্তু যুদ্ধকালীন হত্যাকাণ্ড, অপহরণ ও নিখোঁজের অসংখ্য ঘটনার পূর্ণাঙ্গ তথ্য এখনো অজানা রয়ে গেছে। অনেক পরিবার আজও জানতে পারেনি তাদের স্বজনদের শেষ পরিণতি কী হয়েছিল।

কুরুক্কালমাডামের গণকবর থেকে পাওয়া কঙ্কালগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হলে কয়েক দশক ধরে অমীমাংসিত থাকা অনেক ঘটনার সূত্র পাওয়া যেতে পারে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরাও তাদের স্বজনদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার সুযোগ পাবেন।
তবে উদ্ধার হওয়া দেহাবশেষের পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্তের ফলাফলের ওপরই নির্ভর করছে ৩৬ বছর আগের এই হত্যাকাণ্ডের অজানা অধ্যায় কতটা উন্মোচিত হয়।








